Vaibhav Suryavanshi: ২৪ বলের ইনিংসে ১০ ছক্কা, বৈভবের তাণ্ডবে উড়ে গেল প্রোটিয়ারা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সোমবার দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জুনিয়র ভারতীয় দলের (India U19 vs South Africa U19) হয়ে অবিশ্বাস্য ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই কিশোর ব্যাটার। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি বিশাল ছক্কা ও একটি চার। অর্থাৎ, তার ৬৮ রানের মধ্যে ৬৪ রানই এসেছে বাউন্ডারি থেকে—এক কথায় বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী।

আরও পড়ুন:Suresh Kalmadi: কমনওয়েলথ গেমস বিতর্ককে সঙ্গে নিয়েই না ফেরার দেশে সুরেশ কালমাদি

বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের খাতা খুলে বসেন তিনি। পঞ্চাশে পৌঁছনোর আগেই ব্যাট থেকে বেরিয়ে আসে আটটি ছক্কা, যা গ্যালারিতে বসা দর্শকদের রীতিমতো মুগ্ধ করে।২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত সূচনা পায় বৈভবের ব্যাটে ভর করে। পাওয়ারপ্লে ১-এর ১০ ওভারেই দল ২ উইকেটে তোলে ১০৩ রান। বৈভব প্রথম ওভারেই দুটি ছক্কা হাঁকিয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন। ১২.৫ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৫ রান, এরপর খারাপ আলোর কারণে খেলা বন্ধ রাখতে হয়।

এরপর ডিএলএস পদ্ধতিতে ম্যাচের লক্ষ্য সংশোধন করে ২৭ ওভারে ১৭৪ রান নির্ধারণ করা হয়। বৈভব ৬৮ রানে আউট হওয়ার পরও ভারতের জয়ের ভিত মজবুত ছিল। বেদান্ত ত্রিবেদী (৩১) এবং বাংলার উইকেটরক্ষক-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু (৪৮) দায়িত্বশীল ব্যাটিং করে দলকে ২৩.৩ ওভারেই ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাইকেল ক্রুইসক্যাম্প দুটি উইকেট নেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়। দলের হয়ে জনসন রলস দুর্দান্ত একটি ইনিংস খেলে ১১৩ বলে ১১৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ভারতের বোলিংয়ে কিষাণ সিং ছিলেন সবচেয়ে সফল, নেন ৩টি উইকেট। আরএস আমব্রিশ নেন ২টি, আর কনিষ্ক চৌহান ও খিলান প্যাটেল নেন একটি করে উইকেট। এই জয়ের মাধ্যমে ভারত অনূর্ধ্ব-১৯ দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। নিয়মিত অধিনায়ক আয়ূষ মাত্রের অনুপস্থিতিতে এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের আর্ম ব্যান্ড ছিল বৈভবের হাতে। এর আগে এত কম বয়সে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব কোনও ক্রিকেটার সামলাননি।