নিউজ পোল ব্যুরো: জো রুটের অনবদ্য শতরান সত্ত্বেও পঞ্চম টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া। অ্যাশেজের শেষ টেস্টে স্টিভ স্মিথের অনবদ্য শতরান (Steve Smith) ও ট্রাভিস হেডের আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিল অস্ট্রেলিয়া (Australia)। সিডনি টেস্টে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৫১৮ রান করেছে অজিরা (Sydney, Australia vs England Test)। ফলে ১৩৪ রানের লিড নিয়ে জাঁকিয়ে বসেছে ব্যাগি গ্রিনরা।
আরও পড়ুন: Vaibhav Suryavanshi: ২৪ বলের ইনিংসে ১০ ছক্কা, বৈভবের তাণ্ডবে উড়ে গেল প্রোটিয়ারা
অস্ট্রেলিয়ার ইনিংসের মূল ভরসা ছিলেন স্টিভ স্মিথ। ১২৯ রানে অপরাজিত থেকে তিনি শুধু দলকে বড় লিডই দেননি, গড়েছেন অ্যাশেজের ইতিহাসও। এটি স্মিথের (Steve Smith) অ্যাশেজে ১৩তম শতরান। এই শতরানের সুবাদে তিনি অ্যাশেজে সর্বাধিক শতরানের তালিকায় ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবসকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন। তাঁর সামনে এখন শুধু ডন ব্র্যাডম্যান, যাঁর ৩৭টি অ্যাশেজ টেস্টে রয়েছে ১৯টি শতরান। একই সঙ্গে অ্যাশেজে সর্বাধিক রানের তালিকাতেও হবসকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন স্মিথ। অস্ট্রেলিয়া যখন ৩ উইকেটে ২৩৪ রান, তখন ব্যাট করতে নামেন অস্থায়ী অধিনায়ক স্মিথ। শুরু থেকেই ঠান্ডা মাথায় নিখুঁত শট নির্বাচনে ইনিংস গড়ে তোলেন তিনি। ২০৫ বলের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কা মারেন স্মিথ (Steve Smith), দেখান ধৈর্য ও অভিজ্ঞতার নিখুঁত মিশেল।
অন্যদিকে ট্রেভিস হেড খেলেন ঝোড়ো ইনিংস। ১৬৬ বলে ১৬৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৪টি চার ও একটি ছয়। দিনের শুরুতে ৯১ রানে অপরাজিত থাকা হেড পরিচিত আগ্রাসী মেজাজে খেলেই শতরান পূর্ণ করেন। তবে ১৬৩ রানে তিনি আউট হন জেকব বেথেলের বলে। ম্যাচের মাঝে এক মজার ঘটনাও ঘটে। ব্যাটিংয়ের সময় হঠাৎ খেলা থামিয়ে দেন স্মিথ। কারণ হিসাবে জানান, ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের রোদচশমা থেকে প্রতিফলিত সূর্যের আলো তাঁর চোখে পড়ছিল। স্টাম্প মাইকে শোনা যায় স্মিথ বলছেন, “কার্সি! তুমি কি চশমাটা একটু ঘুরিয়ে পিছনে করে দিতে পারো?” কার্স সঙ্গে সঙ্গে চশমা ঘুরিয়ে নিলে আবার শুরু হয় খেলা।
দিনের শুরুতে অস্ট্রেলিয়া ছিল ২ উইকেটে ১৬৬ রানে। হেড ও মাইকেল নেসের ইনিংস এগিয়ে নিয়ে যান। নেসেরকে (২৪) ফেরান কার্স। এরপর কার্সই ফেরান উসমান খোওয়াজাকে, যিনি নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করেন। অ্যালেক্স ক্যারে করেন ১৬ ও ক্যামেরন গ্রিন ৩৭ রান। শেষ দিকে স্মিথের সঙ্গে বিউ ওয়েবস্টার (৪২*) অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করান। সব মিলিয়ে স্মিথের নেতৃত্বে অ্যাশেজের এই টেস্টে এখন স্পষ্টভাবেই এগিয়ে অস্ট্রেলিয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
