CV Ananda Bose : হুমকি ইমেলকে তোয়াক্কা নয়! নামমাত্র নিরাপত্তায় ডেকার্স লেনে প্রাতরাশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতা

নিউজ পোল ব্যুরো: হুমকি ইমেলকে (Threat Email) কার্যত তোয়াক্কা না করেই শুক্রবার সকালে খাস কলকাতার (Kolkata) জনবহুল রাস্তায় দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। নামমাত্র নিরাপত্তা নিয়ে তিনি হাজির হন শহরের অন্যতম জনপ্রিয় খাবারের ঠিকানা ডেকার্স লেনে (Decker’s Lane) । মানুষের ভিড়ের মধ্যেই সাধারণ মানুষের মতো ঘুরে বেড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন—ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। শুক্রবার সকালে লোকভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড (Esplanade) চত্বরের দিকে রওনা দেন রাজ্যপাল (CV Ananda Bose)। সোজা গিয়ে পৌঁছন ডেকার্স লেনের (Decker’s Lane) বিখ্যাত চিত্তবাবুর দোকানে (Chittababu Shop)। সেখানে দাঁড়িয়ে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গল্প করতে করতেই প্রাতরাশ সারেন তিনি। শুধু তাই নয়, দোকানিদের হাতে চকোলেট তুলে দিয়ে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তও ভাগ করে নেন। রাজ্যপালকে (CV Ananda Bose) এত কাছ থেকে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন ডেকার্স লেনের (Decker’s Lane) ব্যবসায়ীরা ও পথচলতি মানুষজন।

আরও পড়ুন : Weather Update : কলকাতা-সহ গোটা বাংলায় রেকর্ড শীত! পৌষ সংক্রান্তি পর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডা

এই ঘটনার প্রেক্ষাপট কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, রাজ্যপালের উদ্দেশে একটি হুমকি ইমেল আসে। সেই মেলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন। সিদ্ধান্ত নেওয়া হয়, নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও। পাশাপাশি, কে বা কারা এই হুমকি ইমেলের নেপথ্যে রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়। তবে এই সব ঘটনার মাঝেও নিজের অবস্থান নিয়ে আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যপাল। তিনি জানিয়েছিলেন, অন্য দিনের মতোই শুক্রবার সকালে তিনি পথে নামবেন এবং মানুষের সঙ্গে মিশবেন। নিরাপত্তার বেষ্টনী ভেঙে সাধারণ মানুষের মধ্যে যাওয়াই যে তাঁর বার্তা, সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুক্রবার সকালে তার সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেয়। কড়া নিরাপত্তার বদলে নামমাত্র পাহারায় শহরের রাস্তায় হাঁটা, দোকানে ঢুকে প্রাতরাশ করা এবং ব্যবসায়ীদের সঙ্গে হাসিমুখে কথা বলা—সব মিলিয়ে রাজ্যপাল বুঝিয়ে দিলেন, হুমকি বা ভয় দেখিয়ে তার চলার পথ থামানো সম্ভব নয়। বরং সাধারণ মানুষের কাছেই তার শক্তি ও ভরসা।