Jagdeep Dhankhar: শারীরিক অবস্থার অবনতি! দিল্লির এইমসে ভর্তি করা হলো প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে

দেশ

নিউজ পোল ব্যুরো: ফের গুরুতর অসুস্থ দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সোমবার হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির (Delhi) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে তিনি দু’বার জ্ঞান হারিয়েছিলেন। এরপর চিকিৎসকেরা দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: ভোটের আগে ত্রিমাত্রিক আক্রমণ! ‘আর্মি-নেভি-এয়ারফোর্স’ মডেলে তৃণমূলের সেনা সাজালেন ‘সেনাপতি’ অভিষেক

সূত্রের খবর, চলতি মাসের ১০ তারিখ থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শনিবার নিজের বাসভবনের বাথরুমে তিনি পরপর দু’বার অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। চিকিৎসকদের মতে, শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাঁর এমআরআই সহ একাধিক পরীক্ষা করা হবে। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, এটি প্রথমবার নয়। গত বছর জুন মাসেও আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সে সময় উত্তরাখণ্ডের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ভাষণ শেষ হওয়ার পর পুরনো বন্ধু এবং সংসদের প্রাক্তন সহকর্মী মহেন্দ্র সিং পালের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা বলার মাঝেই হঠাৎ তিনি বন্ধুর কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে চিকিৎসার আওতায় আনা হয়।

এর কিছুদিন পরই, গত জুলাই মাসে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ এবং নিজের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেয়াদকালে পাওয়া সহযোগিতা ও সমর্থনের কথা স্মরণ করে জানান, সেই অভিজ্ঞতা তিনি আজীবন মনে রাখবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole