Winter Leg Rash: শীতে মোজা পরেই পায়ে আগুন জ্বালা! এই ত্বকের সমস্যাকে অবহেলা করবেন না

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: শীত এলেই ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই নিয়মিত পায়ে মোজা পরেন। কিন্তু অনেক সময় এই অভ্যাস থেকেই দেখা দেয় নতুন এক ত্বকের সমস্যা। মোজার ইলাস্টিক যেখানে পায়ে চেপে থাকে, ঠিক সেই জায়গায় লালচে ফুস্কুড়ি, দানা দানা র‍্যাশ, জ্বালা কিংবা তীব্র চুলকানি শুরু হতে পারে। অনেকেই এটিকে সাধারণ শীতকালীন শুষ্ক ত্বকের সমস্যা বা এগজ়িমা বলে ভুল করেন। কিন্তু চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রেই এটি এক বিশেষ ধরনের ত্বকের প্রতিক্রিয়া, যার নাম কন্টাক্ট ডার্মাটাইটিস।

আরও পড়ুন:Magh Maash Rituals: মাঘ মাসে খাওয়া যাবে না মুলো ! শাস্ত্রমতে আর কোন খাবার ছোঁয়া যাবে না? জানুন নিষেধের তালিকা

ত্বক বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, শীতকালে ত্বক স্বাভাবিকভাবেই বেশি শুষ্ক হয়ে পড়ে। তার উপর সারাক্ষণ চাপা পোশাক বা টাইট মোজা পরলে ত্বকের উপর অতিরিক্ত ঘর্ষণ ও চাপ সৃষ্টি হয়। মোজার ইলাস্টিক খুব বেশি আঁটসাঁট হলে সেখানে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। দীর্ঘ সময় ধরে একই জায়গায় চাপ পড়লে ত্বক লাল হয়ে ফুলে যায় এবং ধীরে ধীরে ফুস্কুড়ি বা র‍্যাশের আকার নিতে পারে।আরও একটি বড় কারণ হল ঘাম। শীতকালে অনেকেই ভাবেন ঘাম হয় না, কিন্তু মোজার ভিতরে পা ঘেমে গেলে তা জমে থাকে। এই ভেজা পরিবেশ ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসের জন্য আদর্শ জায়গা তৈরি করে দেয়। ফলে ত্বকে সংক্রমণ হয়ে লালচে দানা, চুলকানি ও জ্বালা দেখা দিতে পারে। এ ছাড়াও মোজার কাপড় থেকেও সমস্যা হতে পারে। অনেক মোজায় নাইলন, ল্যাটেক্স বা অন্য সিন্থেটিক ফাইবার ব্যবহার করা হয়, যা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালার্জির কারণ হতে পারে। আবার মোজা ধোয়ার পর যদি ডিটারজেন্ট ভালো করে না ধোয়া হয়, তবে সেই রাসায়নিকও ত্বকে জ্বালা ধরাতে পারে।

কী করবেন এই সমস্যা এড়াতে?

সব সময় সুতির মোজা পরার চেষ্টা করুন, কারণ সুতি কাপড় ঘাম শুষে নেয় এবং ত্বককে তুলনামূলক শুষ্ক রাখে। খুব টাইট ইলাস্টিকযুক্ত মোজা এড়িয়ে চলুন। প্রতিদিন ব্যবহৃত মোজা প্রতিদিনই ধুয়ে পরিষ্কার মোজা পরুন। মৃদু ডিটারজেন্ট ব্যবহার করুন এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বাড়ি ফিরে মোজা খুলে পা সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। র‍্যাশ বা ফুস্কুড়ির জায়গায় নখ লাগাবেন না বা বারবার চুলকাবেন না। চুলকানি বেশি হলে বরফ দিয়ে হালকা সেঁক নিতে পারেন বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। তবে সমস্যা বাড়লে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।