Abhishek Banerjee: বহরমপুর থেকে অধীরকে ‘বিজেপির ডামি’ বলে কটাক্ষ, হুমায়ুনকেও নিশানা অভিষেকের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলার ২২টি আসনের মধ্যে ২০টিতেই জয় পায় তৃণমূল কংগ্রেস। সেই বিপুল সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা নেয় মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। যে মুর্শিদাবাদ একসময় কংগ্রেসের (Congress) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই জেলাতেই ভেঙে পড়ে হাত শিবিরের প্রভাব। এমনকি কংগ্রেসের ‘শেষ দুর্গ’ বলে পরিচিত অধীর চৌধুরীকেও (Adhir Ranjan Chowdhury) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারাতে সক্ষম হয় তৃণমূল। বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে এবার সেই অধীরের রাজনৈতিক কর্মভূমি বহরমপুরে দাঁড়িয়েই ফের তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘না এলে অক্সিজেন পেত গদ্দাররা’, বেলডাঙার আঁচ গায়ে মেখেই হুমায়ুনকে কড়া তোপ অভিষেকের

শনিবার বহরমপুরে আয়োজিত রোড শো থেকেই অধীর চৌধুরীকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর অভিযোগ, অধীর আদতে বিজেপিরই (BJP) ডামি প্রার্থী। বক্তব্যের শুরুতেই তিনি বহরমপুর ও মুর্শিদাবাদের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “২০২৪ সালে এখানকার মানুষ বিজেপির ডামি প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। তাঁকে প্রাক্তন করে দিয়েছেন এটাই সবচেয়ে বড় সাফল্য।”

অভিষেকের (Abhishek Banerjee) দাবি, অধীর চৌধুরী কখনও প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন না। বরং প্রতিদিন সাংবাদিক বৈঠক করে শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন। তৃণমূল নেতার কটাক্ষ, “আজ গরম পড়ুক বা বৃষ্টি নামুক সবকিছুর জন্য দায়ী করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

শুধু অধীর নন, এদিন কংগ্রেসকেও একহাত নেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি কংগ্রেস শাসিত কর্নাটক ও তেলেঙ্গানাতেও বাঙালিরা আক্রান্ত হচ্ছেন, অথচ সেখানকার সরকার কোনও সাহায্য করছে না। যদিও ২০২১ সালে কংগ্রেস বিধানসভায় শূন্য হলেও মালদহ ও মুর্শিদাবাদে এখনও দলের সংগঠন রয়েছে। মৌসম নূরের যোগদানের পর এই দুই জেলায় কংগ্রেস নতুন করে সক্রিয় হয়েছে। সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসের দিকে ফিরে যায়, তাহলে তার সরাসরি লাভ হবে বিজেপির এই রাজনৈতিক অঙ্কের কথাও তুলে ধরেন অভিষেক।

এদিন আরও এক নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি হুমায়ুন কবীরকে ‘মুর্শিদাবাদের নয়া গদ্দার’ ও ‘বিজেপির নতুন এজেন্ট’ বলে কটাক্ষ করেন। অভিষেকের দাবি, বেলডাঙার হিংসার নেপথ্যেও হুমায়ুন কবীরেরই উসকানি রয়েছে এবং শীঘ্রই তাঁর আসল চরিত্র প্রকাশ্যে আসবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole