নিউজ পোল ব্যুরো: বেলডাঙার (Beldanga) অশান্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে তিনি নাম না করে বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবীরকেও কড়া ভাষায় আক্রমণ করেন। অভিষেকের দাবি, বেলডাঙায় যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তার নেপথ্যে বিজেপিরই প্রত্যক্ষ উসকানি রয়েছে।
একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, সভায় আসার আগেই তিনি বেলডাঙার উত্তেজনার খবর পেয়েছিলেন। দলের তরফে অনেকেই সেই কারণে সভা বাতিল করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখার পর তিনি নিশ্চিত হন যে এই অশান্তির ইন্ধন জোগাচ্ছে বিজেপির নেতারাই। তাঁর কথায়, “এই মাটিতে আরেকজন বিশ্বাসঘাতক তৈরি করার চেষ্টা চলছে।”
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, যদি তিনি বহরমপুরে সভা করতে না আসতেন, তাহলে এই ‘গদ্দারদের’ আরও শক্তি জোগানো হতো। অনুসন্ধানে উঠে এসেছে, বেলডাঙার সাম্প্রতিক ঘটনায় কিছু শক্তির সরাসরি মদত ও প্ররোচনা রয়েছে। সেই শক্তিগুলি রাজনৈতিক উদ্দেশ্যেই পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করে রাজনৈতিক ফায়দা তোলাই বিরোধীদের লক্ষ্য। বেলডাঙার পরিস্থিতি নিয়ে তিনি দলের কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
