ASHA Workers Protest : মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে আশাকর্মীদের সল্টলেক অভিযান, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: মাসিক ভাতা বৃদ্ধি-সহ আট দফা দাবিপূরণের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাজ্যজুড়ে পথে নামলেন আশাকর্মীরা (ASHA Workers Protest)। সকাল থেকেই শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল শুরু হয় সল্টলেকের (Salt Lake) স্বাস্থ্যভবনের উদ্দেশে। বিক্ষোভ ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। শিয়ালদহ, ধর্মতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আশাকর্মীদের মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে এগোতে থাকা মিছিলকে এসএন ব্যানার্জি রোডে ব্যারিকেড দিয়ে আটকানো হলে পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে ওঠে (ASHA Workers Protest)। অভিযোগ, ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই সংঘর্ষে মহিলা আশাকর্মী ও মহিলা কনস্টেবলদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ (ASHA Workers Protest)।

আরও পড়ুন : Jagannath Temple Puri : ফেসবুক পোস্টে বোমা হামলার হুমকি, পুরীর জগন্নাথ মন্দিরে বাড়ল নিরাপত্তা

বিক্ষোভকারীদের অভিযোগ, ন্যায্য পাওনা ও কাজের স্বীকৃতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসে তাদের উপর পুলিশি অত্যাচার চালানো হয়েছে। কোথাও কোথাও প্রতিবাদে রাস্তা অবরোধও হয়, ফলে যান চলাচল ব্যাহত হয়। কলকাতায় (Kolkata) মিছিল প্রবেশের পর উত্তেজনা আরও বাড়ে বলে পুলিশের দাবি। এদিকে, সল্টলেকের (Salt Lake) দিকে এগোতে থাকা একটি মিছিলের কাছে পৌঁছন বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাকে দেখেই বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। আশাকর্মীদের স্পষ্ট বক্তব্য, তাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং কোনও রাজনৈতিক দলের রং তারা মিছিলে লাগতে দেবেন না। ফলে ওই জায়গাতেও উত্তেজনা ছড়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, স্বাস্থ্যভবন চত্বরে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। মিছিল যত কাছে আসে, ততই বাড়ানো হয় পুলিশের নজরদারি। স্বাস্থ্যভবনের সামনে মাইকিং করে পুলিশ কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের শান্ত থাকার অনুরোধ জানায়। পুলিশের বাধার মুখে স্বাস্থ্যভবনের কাছে রাস্তায় বসে পড়েন আশাকর্মীরা এবং নিজেদের দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরেন(ASHA Workers Protest)। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দিনভর উত্তেজনা বজায় থাকে।