নিউজ পোল ব্যুরো: ‘সবকা সাথ, সবকা বিকাশ’—এই স্লোগান তখনও রাজনৈতিক অভিধানে জায়গা করে নেয়নি। অথচ তার বহু আগেই, স্বাধীনতার স্বপ্নে বিভোর এক যুবক স্বাবলম্বী, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ ভারত গড়ার রূপরেখা এঁকেছিলেন। সেই মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। আজ থেকে প্রায় এক শতাব্দী আগে, ১৯২৪ সালে, তার সেই ভাবনারই বাস্তব রূপ হয়ে ওঠে দক্ষিণ কলিকাতা সেবাশ্রম। নেতাজির বিশ্বাস ছিল—দেশ গড়তে হলে আগে মানুষকে গড়ে তুলতে হবে। বিশেষ করে পরিবারহীন, অবহেলিত শিশুদের। কিন্তু ‘অনাথ’ শব্দটি তিনি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গিয়েছিলেন। কারণ, তার মতে, সেই শব্দ শিশুদের মনে হীনম্মন্যতার জন্ম দেয়। তাই আশ্রম নয়, তার সৃষ্টি ‘সেবাশ্রম’—যেখানে সেবা, শিক্ষা ও আত্মমর্যাদাই ছিল মূল ভিত্তি (South Calcutta Sevashram)।
ভবানীপুরের শরৎ বোস রোডে অবস্থিত এই সেবাশ্রম গড়ে ওঠে মিত্র ইনস্টিটিউশনের এক বৈঠকের সিদ্ধান্ত থেকে (South Calcutta Sevashram)। প্রথম সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, সম্পাদক স্বয়ং সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। শুরুতে মুষ্টিভিক্ষার মাধ্যমে দক্ষিণ কলিকাতা সেবক সমিতি গড়ে দরিদ্রনারায়ণ সেবার কাজও চালিয়েছেন নেতাজি। আজ ১০২ বছর পরেও সেই আদর্শ অটুট। বর্তমানে ৫৬ জন আবাসিক ছাত্র এখানে বড় হচ্ছে। ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিক শিক্ষা সেবাশ্রমেই, তার পরে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্কুলে ভর্তি। দ্বাদশ শ্রেণি পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। উচ্চশিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং—যে পথই তারা বেছে নিক, পাশে থাকে সেবাশ্রম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নেতাজির দায়বদ্ধতা ছিল আজীবনের (Netaji Subhas Chandra Bose)। মান্দালয়ের কারাবাসের সময়েও তিনি চিঠিতে খোঁজ নিতেন ছাত্রসংখ্যা, রান্নাঘর, বাগান, এমনকি বাড়িভাড়ার খুঁটিনাটি। এক চিঠিতে তিনি লেখেন, “আমি কংগ্রেসের কাজ ছাড়িতে পারি, কিন্তু সেবাশ্রমের কাজ ছাড়িতে পারি না।” এ বছর সেবাশ্রমে এক অনন্য সমাপতন। একই দিনে পালিত হবে নেতাজির জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো। আয়োজনের কেন্দ্রে থাকছে নেতাজির মা-ভাবনা, দেশমায়ের প্রতি তাঁর ত্যাগ ও সেবার দর্শন নিয়ে গীতি-আলেখ্য, গান-নাটক ও আলাপচারিতা। প্রাক্তন আবাসিকদের উপস্থিতিতে স্মৃতির সঙ্গে বর্তমানের সেতুবন্ধন ঘটবে। দক্ষিণ কলিকাতা সেবাশ্রম (South Calcutta Sevashram) আজ শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি নেতাজির স্বপ্নের জীবন্ত উত্তরাধিকার।
