Australian Open : অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে আলকারাজ, সাবালেঙ্কা ও মেদভেদেভ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) নিজেদের আধিপত্য বজায় রেখে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন টেনিস বিশ্বের তিন তারকা—কার্লোস আলকারাজ (Carlis Alcaraz), আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka) এবং ডানিল মেদভেদেভ (Daniil Medvedev)। শুক্রবার মেলবোর্নের কোর্টে একদিকে যেমন দাপুটে জয় দেখা গেছে, অন্যদিকে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন:PV Sindhu :আম্পায়ারের সঙ্গে বিবাদ, লাল কার্ড দেখে বিদায় সিন্ধুর; ছিটকে গেলেন লক্ষ্য সেনও

স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ় এদিন চেনা ছন্দে ধরা দিলেন। ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে সরাসরি সেটে ৬-২, ৬-৪, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেন তিনি। পুরো ম্যাচে নিজের শক্তিশালী সার্ভিসের মাধ্যমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি আলকারাজ।

শীর্ষবাছাই আরিনা সাবালেঙ্কা স্ট্রেট সেটে জিতলেও তাঁকে বেশ বেগ পেতে হয়েছে। আনাস্তাসিয়া পটাপোভাকে তিনি ৭-৬, ৭-৬ ফলে হারান। দু’টি সেটই টাইব্রেকারে গড়ায়। অন্যদিকে, ডানিল মেদভেদেভ হারতে হারতে জয় ছিনিয়ে এনেছেন। অবাছাই ফাবিয়ান মারোজসানের বিরুদ্ধে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫ সেটের লড়াইয়ে (৬-৭, ৪-৬, ৭-৫, ৬-০, ৬-৩) জয়ী হন তিনি।

প্রতিযোগিতার মাঝেই নাওমি ওসাকাকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন নোভাক জোকোভিচের স্ত্রী জেলেনা জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ওসাকা দুই সার্ভিসের মাঝে ‘কাম অন’ বলে নিজেকে উৎসাহিত করছিলেন, যা তাঁর প্রতিপক্ষ সোরানা সিরস্টির মনোসংযোগে ব্যাঘাত ঘটায়। জ়েলেনা সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, আম্পায়ার কেন ওসাকাকে চুপ করতে বলেননি এবং টেনিসের নিয়মে কোনও বদল হয়েছে কি না।মহিলাদের বিভাগে আমেরিকার তারকা কোকো গফ প্রথম সেটে হারলেও শেষ পর্যন্ত ৩-৬, ৬-০, ৬-৩ ফলে হেইলি বাপতিস্তেকে হারিয়ে জয়ী হন। পুরুষদের তৃতীয় বাছাই আলেকজ়ান্ডার জ়েরেভ ৪ সেটের লড়াইয়ে ক্যামেরন নরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন।

 

এছাড়াও অ্যালেক্স ডি মিনিয়র এবং এলিনা সোয়াইতোলিনা নিজ নিজ ম্যাচে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তবে এদিন বড় অঘটনের শিকার হয়েছেন সপ্তম বাছাই জেসমিন পাওলিনি। ২৯ নম্বর ইভা জোভিচের কাছে স্ট্রেট সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তিনি।