নিউজ পোল ব্যুরো: ৭৭তম সাধারণতন্ত্র দিবসের আগমুহূর্তে কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্ম পুরস্কারের (Padma Awards) প্রাপকদের নাম ঘোষণা করল। রবিবার সন্ধ্যায় প্রকাশিত তালিকায় বিভিন্ন ক্ষেত্রে নীরবে ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় যুক্ত ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। আগামী মার্চ কিংবা এপ্রিল মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তাঁরা ২০২৬ সালের পদ্ম সম্মানে ভূষিত হবেন।
এবারের তালিকায় সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, শিল্পকলা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আজীবন অবদানের স্বীকৃতি পেয়েছেন দেশের নানা প্রান্তের কৃতী মানুষরা। বাংলার পক্ষ থেকেও রয়েছে গর্বের মুহূর্ত। এই বছর পদ্ম সম্মানের জন্য মনোনীত হয়েছেন মোট ১১ জন বাঙালি। তাঁদের মধ্যে অন্যতম কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সরকারি তালিকা অনুযায়ী, এ বছর পদ্ম বিভূষণ পাচ্ছেন ৫ জন, পদ্ম ভূষণ (Padma Awards) দেওয়া হচ্ছে ১৩ জনকে এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে ১১৩ জনকে। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্ম বিভূষণ প্রদান করা হবে। সঙ্গীতজগতে অসামান্য অবদানের জন্য পদ্ম ভূষণ পাচ্ছেন অলকা ইয়াগনিক-সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় বাংলা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ছাড়াও রয়েছেন শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, তরুণ ভট্টাচার্য, তবলা শিল্পী পণ্ডিত কুমার বসু, জ্যোতিষ দেবনাথ এবং চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য সরোজ মণ্ডল। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন রবিলাল টুডু, মহেন্দ্রনাথ রায়, গম্ভীর সিং ইয়নজোন ও অশোক কুমার হালদার। প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়কেও মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে।
এ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বহু অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এই সম্মান পাচ্ছেন। কেরলের (Kerala) ৯২ বছরের দেবকি আম্মা পরিবেশ সংরক্ষণে অনন্য অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন। সমাজসেবা, কৃষি, শিল্পকলা, চিকিৎসা ও সাহিত্যসহ নানা ক্ষেত্রে তাঁদের কাজই এই বছরের পদ্ম পুরস্কার (Padma Awards) তালিকাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
