Raveena Tandon: ভাইকে প্রেমিক ভেবে গুজব! মিথ্যে খবরে রাতের ঘুম হারিয়েছিলেন রবিনা টন্ডন

পেজ 3

নিউজ পোল ব্যুরো: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল নতুন নয়। পর্দার আড়ালের জীবন ঘিরে নানা রকম গুজব, জল্পনা প্রায়শই শিরোনামে উঠে আসে। অনেক সময় সেই সব তথ্য সত্য যাচাই না করেই প্রকাশ্যে আসে, যার খেসারত দিতে হয় অভিনেতা-অভিনেত্রীদেরই। ঠিক এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon)।

আরও পড়ুন:Biswabasu Biswas Wedding : সরস্বতী পুজোর লগ্নে চার হাত এক, বিষ্ণুপুরে বিয়ে সারলেন বিশ্বাবসু বিশ্বাস ও ঐশিকী ঘটক

একটি ভুয়ো প্রতিবেদনের জেরে কী ভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি, সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। রবিনা (Raveena Tandon) জানান, ঘটনাটি বহু বছর আগের। আচমকা এক দিন একটি ম্যাগাজিনে চোখ পড়ে তাঁর নিজের সম্পর্ক নিয়েই চাঞ্চল্যকর দাবি। সেখানে লেখা হয়েছিল, এক জন ফর্সা যুবক নাকি রোজ তাঁকে শুটিংয়ে পৌঁছে দিতেন এবং তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। অথচ বাস্তবে সেই যুবক ছিলেন রবিনার নিজের ভাই।
অভিনেত্রীর কথায়, “এক বারও সত্যতা যাচাই করেনি কেউ। আমার ভাইকে প্রেমিক বলে চালিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা পড়ে আমি ভেঙে পড়েছিলাম।” শুধু রবিনাই নন, এই ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তাঁর মা-বাবা। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের নানা প্রশ্নের মুখে পড়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁদের। রবিনা জানান, মানসিক ধাক্কায় তাঁর বাবা-মা পর্যন্ত খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন।
এই গুজবের প্রভাব এতটাই গভীর ছিল যে রাতের পর রাত ঘুমোতে পারেননি অভিনেত্রী। “প্রচণ্ড অসম্মানিত বোধ করেছিলাম। সেই সময়টা আমার জীবনের অন্যতম কঠিন অধ্যায়,” বলেন রবিনা।
এটাই প্রথম নয়। ব্যক্তিগত জীবন নিয়ে বহু বার সমালোচনা ও গুজবের শিকার হয়েছেন তিনি। নব্বইয়ের দশকে ইন্ডাস্ট্রির অন্দরে এক সময় কানাঘুষো শোনা গিয়েছিল, অভিনেতা অজয় দেবগনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রবিনা। একাধিক ছবিতে একসঙ্গে কাজও করেছিলেন তাঁরা। পরে আবার শোনা যায়, করিশ্মা কপূরের জন্য নাকি রবিনার সঙ্গে প্রতারণা করেছিলেন অজয়। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা।
রবিনার অভিজ্ঞতা ফের এক বার প্রশ্ন তুলে দেয়, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর নৈতিকতা নিয়ে। জনপ্রিয়তার আলো যত উজ্জ্বল, তার আড়ালে থাকা চাপ, মানসিক যন্ত্রণা অনেক সময় থেকেই যায় অদেখা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole