অনুশ্রী পাড়ই: আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চে আজ প্রকাশিত হল এক ব্যতিক্রমী ও মানবিক স্বাস্থ্যগ্রন্থ- ‘ঈশ্বর যখন মানুষ’। চিকিৎসা ও মানবতার মিলনবিন্দুতে দাঁড়িয়ে থাকা এই বইটি দেশের বিভিন্ন প্রান্তের ৩০ জন স্বনামধন্য চিকিৎসকের বাস্তব অভিজ্ঞতা, অনুভব ও উপলব্ধির সংকলন। গ্রন্থটি প্রকাশ করেছে সাহিত্যম প্রকাশনী।চিকিৎসা-বিজ্ঞানের জটিল বিষয়কে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়াই এই গ্রন্থের মূল লক্ষ্য।
আরও পড়ুন:Kolkata: আনন্দপুরে মোমো তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, জতুগৃহে মৃত্যু বেড়ে ৮
আজকের ডিজিটাল দুনিয়ায় এক ক্লিকেই অসংখ্য স্বাস্থ্যতথ্য হাতের মুঠোয় মিললেও, সেই সব তথ্যের সত্যতা যাচাই না করলে বিপদ অনিবার্য। সেই বাস্তবতাকেই সামনে রেখে দেশের বিশিষ্ট চিকিৎসকেরা সাধারণ মানুষের প্রশ্ন, ভয়, দ্বিধা ও কৌতূহলকে গুরুত্ব দিয়ে লিখেছেন এই বই। ‘ঈশ্বর যখন মানুষ’ স্পষ্ট করে বলে দেয়—সুস্থ থাকার প্রথম শর্ত হল সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য। এই গ্রন্থ কেবল চিকিৎসকদের লেখা প্রবন্ধের সংকলন নয়; এটি রোগ-বিয়োগ, যন্ত্রণা, আশা, লড়াই ও জীবনের কঠিন বাস্তবতার এক মানবিক আখ্যান। চিকিৎসকেরা যখন নিরাময়ের যুদ্ধে নিজেদের সম্পূর্ণভাবে বিলিয়ে দেন, তখন তাঁদের চোখের সামনে ভেসে ওঠে রোগীর অসহায়তা, পরিবারের আশাভরসা, হার না মানা মানসিক শক্তি এবং অনেক সময় নির্মম পরিণতিও। ব্যাধি ও মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে চিকিৎসকেরা যে ঈশ্বরসদৃশ অনুভব পান, আবার সাধারণ মানুষ যেভাবে চিকিৎসকের মধ্যে ঈশ্বরের আশ্রয় খুঁজে পান—সেই দ্বিমুখী অনুভবই এই বইয়ের মূল সুর।

কলকাতা-সহ সারা দেশ থেকে আগত ৩০ জন প্রথিতযশা চিকিৎসক এই গ্রন্থে ৩০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলম ধরেছেন। সাধারণ রোগভোগে করণীয় ও বর্জনীয় বিষয়, মারণ রোগ মোকাবিলায় মানসিক প্রস্তুতির প্রয়োজনীয়তা, মস্তিষ্কের জটিলতা ও টিউমার সার্জারির চ্যালেঞ্জ, টিউবারকিউলোসিস, অ্যালার্জি, ফ্রোজেন শোল্ডার নিয়ে প্রচলিত ভুল ধারণা, কিডনি রোগ ও ট্রান্সপ্ল্যান্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাক, জটিল সার্জারি, ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা, নিউরোলজিক্যাল অসুখ, অটিস্টিক শিশুদের যত্ন থেকে শুরু করে ঘরে ঘরে দেখা যায় এমন নিত্য রোগ—সবই স্থান পেয়েছে বইটিতে। চেম্বার ও প্রেসক্রিপশনের গণ্ডি পেরিয়ে বইয়ের মাধ্যমে চিকিৎসকেরা পৌঁছে যাচ্ছেন পাঠকের ঘরে। বিপদের মুহূর্তে বইয়ের পাতা ওল্টালেই মিলবে ভরসা এবং তৎক্ষণাৎ কী করা উচিত—তার স্পষ্ট দিশা। বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ্যক্ষ স্বামী ধ্যানানন্দ মহারাজ, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে-সহ কলকাতার একাধিক বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয় বইমেলার মহাশ্বেতা দেবী হলে। প্রবীণ চিকিৎসক ডা. সুকুমার মুখার্জি বলেন, এই বই বাঙালির ঘরে ঘরে সুস্থতার দিশারি হয়ে উঠবে। রেডিওলজিস্ট ডা. সায়ন পাল-এর মতে, ভয় ও অনিশ্চয়তার সময়ে এই বই মানুষের শরীর ও মনের প্রকৃত বন্ধু হয়ে উঠবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
