Arijit Singh : প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিং-এর , হঠাৎ সিদ্ধান্তে স্তব্ধ অনুরাগীরা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: কণ্ঠের আবেশে আসমুদ্রহিমাচল যার গান ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়, সেই অরিজিৎ সিং (Arijit Singh) হঠাৎই এমন এক ঘোষণা করলেন, যা বিশ্বাস করতে পারছেন না তার অনুরাগীরাই। গতকাল সন্ধ্যায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে (Social Media Post) জনপ্রিয় এই গায়ক জানালেন, তিনি আর নতুন করে কোনও ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাইবেন না। মুহূর্তের মধ্যে সেই ঘোষণা ছড়িয়ে পড়ে, আর অনুরাগীদের মনে নেমে আসে গভীর মনখারাপ। নিজের পোস্টে অরিজিৎ (Arijit Singh) লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ। এত বছর ধরে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার যাত্রা ছিল সুন্দর, তবে এখন তিনি সেই অধ্যায় থেকে সরে আসছেন। যদিও এখানেই থেমে যাননি তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গান তৈরি করা বা সঙ্গীতচর্চা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না।

আরও পড়ুন : Weather Update : সরস্বতী পুজোর পর রাজ্যে বদলাচ্ছে আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা! কুয়াশায় হলুদ সতর্কতা জারি

অরিজিতের (Arijit Singh) কথায়, ঈশ্বর তার প্রতি সদয় ছিলেন। ভালো সঙ্গীতের একজন ভক্ত হিসেবে ভবিষ্যতে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করতে চান—একজন “ছোট শিল্পী” হিসেবেই শিখতে ও কাজ করতে চান। কিছু অসমাপ্ত কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি তিনি শেষ করবেন। ফলে চলতি বছরে শ্রোতারা তার কণ্ঠে কিছু নতুন গান পেতেই পারেন। তবে সেগুলি যে আর ছবির প্লেব্যাক হবে না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল জন্ম অরিজিৎ সিংয়ের। মাত্র ৩৮ বছর বয়সেই তিনি অর্জন করেছেন এক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার এবং গত বছর পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চ থেকে তাঁর যাত্রা শুরু। প্রতিযোগিতায় জয় না পেলেও, সেখান থেকেই নজর কাড়েন তিনি। বলিউডে তার প্রথম প্লেব্যাক ছিল ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’—এরপর ইতিহাস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের মেল প্লেব্যাক মানেই যেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাই হঠাৎ এমন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে—কেন এই সরে দাঁড়ানো? তিনি কি নতুন কোনও সঙ্গীতযাত্রার পথে পা রাখছেন? তার উত্তর এখনও সময়ের অপেক্ষায়। তবে আপাতত অনুরাগীদের মনে একটাই অনুভূতি—এই সিদ্ধান্ত যেন সত্যিই বিনা মেঘে বজ্রপাত।