নিউজ পোল ব্যুরো: সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া (Weather Update) । শীতের দাপট কিছুটা কমে গিয়ে এখন উল্টো দিকে হাঁটছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী (IMD), পশ্চিমবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী থাকবে। যদিও রাত ও ভোরের দিকে শীতের আমেজ পুরোপুরি কাটেনি, তবে দিনের বেলায় গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে (Weather Update)। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। তবে এই পরিস্থিতি আর দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন না হলেও সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে (Weather Update)। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে আবহাওয়া ফিরবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আনুমানিক ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (Kolkata Weather Today)। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সকাল থেকে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সতর্কতার দাবি রাখছে (North Bengal Weather Update)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে, রাজ্যে আপাতত শীত বিদায়ের পথে। সকালের কুয়াশা আর রাতের হালকা ঠান্ডা বাদ দিলে দিনে দিনে বসন্তের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।
