কালীঘাটে পুজো দিয়েই হাসপাতালে অমিত শাহ, চোরবাগান দুর্ঘটনায় বাতিল সব কর্মসূচি

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রানহানির ঘটনায় শোকের আবহে বদলে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের সূচি। রবিবার শহরের একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের কথা থাকলেও, দুর্ঘটনার জেরে সেই কর্মসূচি বাতিল করেন তিনি। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে এদিন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রবিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো দেওয়ার পর তিনি হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

শনিবার সন্ধ্যায় মহাসপ্তমীর ভিড়ের মধ্যে চোরবাগান পুজো মণ্ডপে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে আচমকা ভিড়ের চাপ বেড়ে যাওয়ায় বিপর্যয় ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় ১৯ জনের প্রানহানি হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই শোকপ্রকাশ করেন অমিত শাহ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি, আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়ে নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর শহরের একাধিক বড় পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।