চোরবাগানের দুর্ঘটনার জের, সপ্তমী থেকে নবমী পর্যন্ত একাধিক রাস্তায় ১৬৩ ধারা

রাজ্য

নিউজপোল ব্যুরো: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজোর ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ সংলগ্ন একাধিক রাস্তায় জারি করা হল ১৬৩ ধারা। রবিবার, ১৮ অক্টোবর থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার জারি করা নির্দেশিকা অনুযায়ী, বৌবাজার থানা এলাকার অধীন চারটি রাস্তার অংশে এই বিধি বলবৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলেজ স্ট্রিট, কলুটোলা স্ট্রিট, সিআর অ্যাভিনিউ এবং ইডেন হাসপাতাল রোডের নির্দিষ্ট অংশ।

নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাশাপাশি, শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন লাঠি বা অন্য কোনও বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

উল্লেখ্য, শনিবার চোরবাগান মণ্ডপে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনায় ইতিমধ্যেই পুজো কমিটির কর্মকর্তা-সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পর পুজোর ভিড় সামলাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার হয়েছে।