Sunidhi Chauhan biography:পুরুষস্বর,ভাঙা বিয়ে আর হাজারো বাধা—আজও মঞ্চ কাঁপানো বলিউডের সেই গায়িকা কে?

বিনোদন

নিউজ পোল ব্যুরো:বলিউডের অগণিত জনপ্রিয় গান আজও দর্শকের মুখে মুখে ফিরছে। সেই সব গানেই এক বিশেষ কণ্ঠস্বর বারবার শোনা যায়—যা প্রথম জীবনে অনেকের কাছেই ছিল বিতর্কের কারণ। বলা হতো, তাঁর গলায় নাকি নারীত্বের কোমলতা নেই, বরং পুরুষদের মতোই কণ্ঠস্বর। অথচ আজ সেই কণ্ঠই কোটি মানুষের হৃদয় জয় করেছে। তিনি আর কেউ নন, বলিউডের সুরের রানী সুনিধি চৌহান (Sunidhi Chauhan biography)।

আরও পড়ুন:

মাত্র ১৩ বছর বয়সে দূরদর্শনের জনপ্রিয় রিয়েলিটি শো মেরি আওয়াজ সুনো–এর বিজয়ী হয়ে আলোচনায় আসেন সুনিধি(Sunidhi Chauhan biography)। ১৯৯৬ সালে প্রথম সিনেমার জন্য গান করেন শাস্ত্র ছবিতে। তবে প্রকৃত সাফল্য আসে ১৯৯৯ সালে মাস্ত ছবির গান রুকি রুকি সি জিন্দেগি–র মাধ্যমে। সেই গান রাতারাতি তাঁকে এনে দেয় বলিউডে প্লেব্যাকের বড় স্বীকৃতি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আজ তাঁর ঝুলিতে রয়েছে ২০০০–এরও বেশি গান, হিন্দি থেকে শুরু করে মারাঠি, কন্নড়, তামিল, তেলেগু, পাঞ্জাবি, অসমীয়া, নেপালি ও উর্দু—বহুভাষিক সঙ্গীতজগতে সমান দাপট। সাফল্যের প্রমাণ হিসেবে রয়েছে ৩টি ফিল্মফেয়ার, ২টি স্টার স্ক্রিন, ২টি আইফা ও একটি জি সিনে অ্যাওয়ার্ড।

কিন্তু ক্যারিয়ারের এই ঝলমলে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনে এসেছে অন্ধকার অধ্যায়। মাত্র ১৮ বছর বয়সে পরিবারের অমতে অভিনেতা ও কোরিওগ্রাফার ববি খানকে বিয়ে করেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যায় এক বছরের মধ্যেই। পরবর্তীতে এক সাক্ষাৎকারে সুনিধি নিজেই স্বীকার করেছিলেন, সেই সিদ্ধান্ত ছিল জীবনের সবচেয়ে বড় ভুল, যা তাঁর পরিবার ও কেরিয়ারে গভীর প্রভাব ফেলেছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

তবে জীবনের ঝড় থামিয়ে ফের নতুন পথে এগিয়েছেন গায়িকা। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকে ২০১২ সালে বিয়ে করেন সুনিধি। বর্তমানে তাঁদের একটি ছেলে রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের সংখ্যা কমলেও স্টেজ শোতে তিনি এখনো সমান জনপ্রিয়।

আজ যখন তিনি মঞ্চে ওঠেন, তাঁর কণ্ঠে গানের সঙ্গে মিশে থাকে জীবনের শিক্ষা। ভক্তরা বলেন, সুনিধি শুধু একজন গায়িকা নন, তিনি এক প্রেরণা—যিনি ব্যর্থতা, সমালোচনা ও ব্যক্তিগত জীবনের দুঃখ ভুলে আবারও আলো ছড়াতে শিখিয়েছেন।