Rahul Arunodoy Banerjee: রাহুলকে শ্রদ্ধাঞ্জলি, বদলে গেল ছবির নাম, দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ নির্মাতাদের!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিপাড়া। তাঁর চলে যাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরে, আবেগঘন এক মুহূর্তে মুক্তির অপেক্ষায় রাহুল অভিনীত শেষদিকের ছবি ‘ছবিওয়ালা’। প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাতেই ছবিটি দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

এই ছবিতে রাহুল অভিনয় করেছেন বিশ্বকর্মা নামে এক সংবেদনশীল চিত্রগ্রাহকের চরিত্রে, যার শিল্পবোধকে তার চারপাশের মানুষ কখনও বুঝতে পারে না। সকলের চোখে সে অদক্ষ, ব্যর্থ ফলে কাজের জগতে সর্বদাই উপেক্ষিত। জীবিকার তাগিদে তাকে শেষ পর্যন্ত মৃত মানুষের ছবি তোলার কাজই গ্রহণ করতে হয়। অন্যদিকে সংসারের ভার কাঁধে তুলে নেয় তার স্ত্রী মালা, যে চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। দাম্পত্যের টানাপোড়েন, শিল্পীর নিঃসঙ্গতা এবং সমাজের অবহেলার মধ্যে দিয়ে এগিয়ে যায় ছবির গল্প। রাহুলের সংবেদনশীল অভিনয়ে ‘ছবিওয়ালা’ তাই হয়ে উঠতে চলেছে তাঁর স্মৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।

আরও পড়ুন:Abhishek Banerjee: ২৭ লক্ষের তালিকায় ১০ লক্ষই হিন্দু বাঙালি! নাম বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক অভিষেক

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে এক অভিনব সিদ্ধান্ত নিল ‘ছবিওয়ালা’-র নির্মাতারা। শুভ্রজিৎ তথা বাপ্পা পরিচালিত এই ছবি কোনও বাণিজ্যিক ভিত্তিতে মুক্তি পাচ্ছে না; বরং নির্মাতাদের ইচ্ছা, প্রেক্ষাগৃহ মালিকদের সহযোগিতা মিললে দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছবিটি দেখানোর ব্যবস্থা করা হবে।

প্রথমে ছবিটির নাম ছিল ‘নেগেটিভ’। কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যুর পর গভীর শোক থেকেই ছবির নাম বদলে রাখা হয় ‘ছবিওয়ালা’। পরিচালক বাপ্পা জানিয়েছেন, রাহুলের প্রয়াণ তাঁদের শিল্পীসত্তাকে নাড়িয়ে দিয়েছে, আর সেই আবেগ থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত। তাঁর কথায়, এই ছবির নতুন নাম যেন রাহুলের প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালবাসারই বহিঃপ্রকাশ। ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র এবং রানা বসু ঠাকুর। বিশেষ আকর্ষণ হিসেবে একটি আইটেম গানে দেখা যাবে শ্রীলেখাকে। সৌম্য ঋতের পরিচালনায় তৈরি গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় এবং সোমলতা আচার্য। সব মিলিয়ে ‘ছবিওয়ালা’ শুধু একটি ছবি নয়, হয়ে উঠছে এক প্রিয় অভিনেতাকে স্মরণ করার আবেগঘন প্রয়াস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole