Mamata Banerjee: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ও চাকরি! আনন্দপুর ট্র্যাজেডিতে মানবিক মুখ্যমন্ত্রী

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আনন্দপুরের ভয়াবহ (Kolkata Fire) অগ্নিকাণ্ড নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুরের সভামঞ্চ থেকে তিনি নিহতদের পরিবারের জন্য একাধিক সহায়তার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্য, এই মর্মান্তিক ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হবে।

সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কাল আমাদের কয়েকজন বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ঘটনার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ববি হাকিম ও অরূপ বিশ্বাসকে সেখানে পাঠাই।” তিনি জানান, রাজ্য সরকারের তরফে প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোমো কোম্পানি এবং ডেকোরেটর্স কোম্পানির তরফেও ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নিহতদের পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়।

আরও পড়ুন: West Bengal DG: রাজীব কুমারের পর এবার ডিজি পদ নিয়ে চরম নাটকীয়তা, সরাসরি আদালত অবমাননার মামলা

এদিকে অগ্নিকাণ্ডের ভয়াবহতা ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে। দগ্ধ গোডাউন এলাকা থেকে এখনও পর্যন্ত তিনটি পোড়া কঙ্কাল-সহ মোট ১৬টি ঝলসে যাওয়া দেহাংশ উদ্ধার করা হয়েছে। পুলিশের নথি অনুযায়ী, এখনো ২৩ জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ছাই থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

ঘটনার তদন্তে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ, ওই গোডাউনে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। রবিবার রাত আনুমানিক ১টা নাগাদ আগুন লাগে। প্রায় ১৫ ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রায় ৩২ ঘণ্টা পরে সেখানে যান দমকলমন্ত্রী সুজিত বসু। গোডাউনটি জলাশয় ভরাট করে তৈরি হয়েছিল কি না, কেন নিয়মিত ফায়ার অডিট হয়নি এই সব প্রশ্ন ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে ক্ষতিপূরণ ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, “এটা দুর্ঘটনা নয়, এটা খুন। গরিব মানুষের প্রাণের দাম ৫ বা ১০ লক্ষ টাকায় নির্ধারণ করা হচ্ছে।” তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি ও যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানান। একই সঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole