West Bengal DG: রাজীব কুমারের পর এবার ডিজি পদ নিয়ে চরম নাটকীয়তা, সরাসরি আদালত অবমাননার মামলা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজ্য পুলিশের ডিজি (West Bengal DG) পদে নিয়োগ ঘিরে জটিলতা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। আগামী ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার অবসর গ্রহণ করবেন। তাঁর অবসরের পর কে রাজ্যের নতুন পুলিশপ্রধান হবেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে টানাপোড়েন শুরু হয়েছে। বিষয়টি এখন আদালতের গণ্ডি পেরিয়ে আরও জটিল মোড় নিয়েছে।

আরও পড়ুন: Donald Trump: ‘পছন্দের প্রধানমন্ত্রী না হলে সাহায্য বন্ধ’, ইরাককে সরাসরি হুঁশিয়ারি ‘তেলখেকো’ ট্রাম্পের!

কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (ক্যাট) নির্দেশ দিয়েছিল, ২৩ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে প্রস্তাবিত অফিসারদের নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে। পাশাপাশি, ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-কে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র বৈঠক করে প্যানেল চূড়ান্ত করতে হবে এবং ২৯ জানুয়ারির মধ্যে সেই প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়। সেই অনুযায়ী রাজ্য সরকার ২১ জানুয়ারি আটজন আইপিএস অফিসারের (West Bengal DG) নাম ইউপিএসসি-তে পাঠায়।

নিয়ম অনুযায়ী, ইউপিএসসি-র সেই তালিকা থেকে তিনজনের নাম বেছে নিয়ে রাজ্য সরকারকে পাঠানোর কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এই পদক্ষেপকে ক্যাটের নির্দেশ অমান্য করা বলে অভিযোগ তুলে এবার ইউপিএসসি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইপিএস অফিসার রাজেশ কুমার।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে রাজেশ কুমার ক্যাটে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকারের প্রস্তাব থাকা সত্ত্বেও ইউপিএসসি-র একটি বৈঠকে রাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। ইউপিএসসি তখন যুক্তি দিয়েছিল, ওই তিন অফিসারের চাকরির মেয়াদ পর্যাপ্ত নয়। যদিও রাজেশ কুমারের দাবি, আগের ডিজি মনোজ মালব্য অবসর নেওয়ার সময় তাঁদের চাকরির মেয়াদ যথেষ্ট দীর্ঘ ছিল।

সব মিলিয়ে রাজ্য পুলিশের শীর্ষপদে নিয়োগ প্রক্রিয়া এখন প্রশাসনিক সিদ্ধান্তের বদলে আইনি লড়াইয়ের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। কবে এই জট কাটবে এবং কাকে রাজ্যের নতুন ডিজি (West Bengal DG) হিসেবে দেখা যাবে, তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole