নিউজ পোল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর এ বার এপস্টিন-সংক্রান্ত নথিতে উঠে এল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের (Bill Gates) নাম। সদ্য প্রকাশিত ‘এপস্টিন ফাইল’ ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এর আগে ওই নথিতে ট্রাম্পকে নিয়ে কিছু তথ্য সামনে এলেও, সেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রশাসন ছবি ও অভিযোগ ভুয়ো বলে দাবি করেছিল। এ বার সেই ফাইলেই বিল গেটসের (Bill Gates) ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে।
আরও পড়ুন:Anandapur Fire:ভয়াবহ আগুনের পর ভয়ংকর সত্য! আনন্দপুরে মিলল ২৭টি দেহাংশ
মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে বলা হয়েছে, যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টিনের সঙ্গে যোগাযোগের সূত্রে বিল গেটসের নাম একাধিক জায়গায় উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, ২০১৩ সালে এপস্টিনের লেখা কয়েকটি ই-মেলে দাবি করা হয়, বিল গেটস (Bill Gates) রুশ মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন এবং তার পর যৌনরোগে আক্রান্ত হন। যদিও এই অভিযোগগুলির কোনও স্বাধীন যাচাই হয়নি বলে স্পষ্ট করেছে বিচার বিভাগ।
শুক্রবার মার্কিন বিচার বিভাগের তরফে কয়েক হাজার নথি প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে লক্ষাধিক ছবি ও হাজারের বেশি ভিডিয়ো। মোট নথির পরিমাণ ৩০ লক্ষ পাতারও বেশি বলে জানা গিয়েছে। সেই বিপুল নথির মধ্যেই এপস্টিনের ব্যক্তিগত ই-মেলগুলিতে এই দাবিগুলি করা হয়েছে বলে সূত্রের খবর।
নথিতে আরও উল্লেখ রয়েছে, যৌনরোগে আক্রান্ত হওয়ার পর বিল গেটস নাকি বিষয়টি গোপন রাখতে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি এই সংক্রান্ত কিছু ই-মেল মুছে ফেলার অনুরোধও তিনি এপস্টিনকে করেছিলেন এমন অভিযোগও উঠে এসেছে।
তবে এই সমস্ত দাবি কঠোর ভাষায় অস্বীকার করেছেন বিল গেটস। তাঁর এক মুখপাত্র জানিয়েছেন, “এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং অবাস্তব। এগুলি জেফ্রি এপস্টিনের নিজস্ব কল্পনা বা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।” মুখপাত্রের দাবি, বিল গেটসের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
এপস্টিন ফাইল প্রকাশের পর একের পর এক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, নথিতে থাকা অভিযোগগুলির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এগুলিকে নিশ্চিত তথ্য হিসেবে দেখা উচিত নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
