নিউজ পোল ব্যুরো: কলকাতায় সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Muhammad Selim) সঙ্গে জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক মহল। এর মধ্যেই হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই তিনি মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসির সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন। উল্লেখ্য, এর আগেই ওয়েইসির দলের এক নেতার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট? দিল্লি থেকে বড় হুঁশিয়ারি মমতার
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় দাবি করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর কথায়, এবারের নির্বাচনে জেইউপি ১০০টির বেশি আসন জয়ের লক্ষ্যে মাঠে নামছে। শুধু তাই নয়, প্রচারের ক্ষেত্রেও চমক দিতে চলেছেন তিনি। এক সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানান, আগামী দু’মাস তিনি হেলিকপ্টারে করে নির্বাচনী প্রচার করবেন এবং জোট প্রার্থীদের হয়েও প্রচারে অংশ নেবেন। বেলডাঙায় একটি হেলিপ্যাড তৈরির কাজ চলছে এবং সেখানে একটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে বলেও জানান তিনি। তবে এই হেলিকপ্টার পরিষেবার অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
হুমায়ুন কবীর স্পষ্ট করেছেন, তিনি সিপিএম ও আইএসএফ-এর সঙ্গে জোট করতে আগ্রহী। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনা করার দায়িত্ব তিনি সিপিএমের উপর ছেড়ে দিয়েছেন। মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এমনকি হুমায়ুন নিজেই প্রশ্ন তোলেন, সেলিম কি কেবল একটি আসন জেতার লক্ষ্যেই এই বৈঠকে বসেছেন?
এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, তিনি নিজে সেলিমকে মুর্শিদাবাদ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, মানুষের ভোট নিশ্চিত করতে তিনি পাশে থাকবেন। যদিও এখনও পর্যন্ত সেলিম এই প্রস্তাবে সম্মতি দেননি। জোটের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে হুমায়ুনের দাবি, বিরোধীরা যদি একজোট হয়, তাহলে আগামী দিনে শাসকদলে পরিণত হওয়াও অসম্ভব নয়। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনের আগে হুমায়ুন কবীরের ভূমিকা যে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
