Mamata Banerjee: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার ইমপিচমেন্ট? দিল্লি থেকে বড় হুঁশিয়ারি মমতার

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) একের পর এক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি নয়াদিল্লিতে নির্বাচন সদনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে জ্ঞানেশ কুমারকে ‘মিথ্যাবাদী’ বলে প্রকাশ্যে তোপ দাগেন তিনি। এবার সেই আক্রমণ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। মঙ্গলবার বঙ্গ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) স্পষ্টভাবে জানান, তাঁর দল জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চায়।

আরও পড়ুন: Kolkata Metro: হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও শুরু হয়নি কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে তোপ রেলমন্ত্রীর

এদিন এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তাঁর পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে ফের মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে ইমপিচমেন্টের প্রসঙ্গ।

সাংবাদিকরা কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য উল্লেখ করে মমতার কাছে জানতে চান, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভবিষ্যতে কোনও আইন আনার বিষয়টি তিনি সমর্থন করেন কি না। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও পদক্ষেপ যদি বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত এবং জনগণের স্বার্থে হয়, তবে তাতে তাঁদের আপত্তি নেই। তিনি জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাঁদের নেই ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী ইমপিচমেন্টের পথ খোলা রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে বিষয়টি নিয়ে দলের সাংসদদের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, সোমবার নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতিনিধিদল। বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কমিশনের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ এবং তাঁদের অপমান করা হয়েছে। সেই কারণেই বৈঠক বয়কট করে তাঁরা বেরিয়ে আসেন বলে জানান। বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট নিয়ে এই বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole