নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের টানাপোড়েন ও মতবিরোধের অবসান ঘটিয়ে অবশেষে সম্পর্কের নতুন অধ্যায়ের পথে হাঁটতে চলেছে ভারত ও আমেরিকা (India US Trade Deal)। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একযোগে ঘোষণা করেন, দু’দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই হয়নি, তবে আলোচনার মূল কাঠামো প্রায় স্থির। এই চুক্তির ফলে ভারতের উপর আরোপিত পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ উল্লেখযোগ্যভাবে কমবে এবং দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চুক্তি কার্যকর হলে ভারতের উপর শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তাঁর দাবি, এর ফলে ভারত-আমেরিকার (India US Trade Deal) বাণিজ্যে নতুন গতি আসবে এবং দুই দেশই লাভবান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্ক হ্রাসের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প আরও বলেন, চুক্তিতে চূড়ান্ত সিলমোহর পড়লেই এই নতুন শুল্কহার কার্যকর হয়ে যাবে।
তবে ট্রাম্পের কিছু দাবিকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা। তিনি দাবি করেছেন, ভারত ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে বা বন্ধ করে আমেরিকা ও ভেনেজুয়েলার কাছ থেকে তেল আমদানি বাড়াবে। যদিও প্রধানমন্ত্রীর তরফে প্রকাশিত কোনও বক্তব্যে এই বিষয়টির উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি ট্রাম্পের আরও দাবি, ভারত আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করবে, যার আর্থিক পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলার। একই সঙ্গে ভারত ট্যারিফ ও নন-ট্যারিফ ব্যারিয়ার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রতিশ্রুতি দেবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, বর্তমানে আমেরিকা (India US Trade Deal) বাংলাদেশের উপর ২০ শতাংশ এবং পাকিস্তানের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করে। সেই তুলনায় ভারতের উপর শুল্ক কমে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে, এই সম্ভাব্য চুক্তি ভারতের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের জন্য বড়সড় স্বস্তি এনে দিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
