নিউজ পোল ব্যুরো: কমিশনের দফতরে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগে ধারাবাহিকভাবে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলতেই বারবার উঠে এসেছে এক ব্যক্তির নাম সীমা খান্না। সোমবার নির্বাচন সদনে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর যেমন তাঁর নাম উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী, তেমনই মঙ্গলবার বঙ্গ ভবনে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকেও ফের সীমা খান্নার প্রসঙ্গ টানেন তিনি।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, কমিশনের ভিতরে বসে প্রযুক্তির অপব্যবহার করে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়ার সঙ্গে সীমা খান্না যুক্ত বলেই তাঁর দাবি। মমতার (Mamata Banerjee) কথায়, “এই নাম আমি হঠাৎ বলছি না। কারা এই কাজের নেপথ্যে রয়েছে, তা আমাদের কাছে তথ্যসহ রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কিছু আধিকারিক নিরপেক্ষ ভূমিকা পালন না করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন।
এদিন সাংবাদিকদের সামনে মমতা স্পষ্ট করেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, এআই-এর নামে প্রযুক্তিকে ঢাল করে গণতন্ত্রের ভিত দুর্বল করা হচ্ছে। সীমা খান্নার নাম তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, একজন নির্দিষ্ট ব্যক্তি কীভাবে এত বড় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন এবং তাঁর ভূমিকা আদৌ কতটা বৈধ।
মুখ্যমন্ত্রীর দাবি, এই বিষয়টি শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্ন। তাই শেষ পর্যন্ত লড়াই চলবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
