Mamata Banerjee:সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আজ, পিটিশনার হিসেবে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় এক নজিরবিহীন পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—এমনই জল্পনা এখন রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আজ তিনি স্বয়ং সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন এবং মামলার শুনানিতে সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানাতে তিনি দিল্লিতে পৌঁছেছেন এবং একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আরও পড়ুন:Kolkata High Court:উত্তীর্ণদের নম্বর গোপন নয়, কনস্টেবল নিয়োগে কড়া নির্দেশ আদালতের

খবর অনুযায়ী, বুধবার সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী শীর্ষ আদালত প্রাঙ্গণে পৌঁছতে পারেন। এসআইআর সংক্রান্ত যে মামলাগুলি দায়ের করা হয়েছে, সেগুলির শুনানি হওয়ার কথা দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে। ওই বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলিও থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলার অন্যতম পিটিশনার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তাঁর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং দোলা সেনও পৃথকভাবে এসআইআর নিয়ে মামলা দায়ের করেছেন, যেগুলির শুনানিও আজই হবে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে এই প্রশ্নে—মুখ্যমন্ত্রী কি কেবল দর্শক হিসেবে আদালতে থাকবেন, নাকি নিজে দাঁড়িয়ে সওয়াল করবেন? মমতার এলএলবি ডিগ্রি রয়েছে এবং তিনি মামলার পিটিশনার হওয়ায় আইনি দিক থেকে তাঁর পক্ষে সওয়াল করা সম্ভব। সেই কারণেই জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এই বিষয়ে কোনও স্পষ্ট মন্তব্য করেননি।

 

সূত্র মারফত জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে তাঁর উপস্থিতির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে। ফলে তাঁর আদালতে থাকার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। গত দু’দিন ধরে দিল্লিতে এসআইআর ইস্যুতে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন এসআইআর-এ ‘ক্ষতিগ্রস্ত’ বলে দাবি করা পরিবারগুলির সদস্যরাও। সোমবার তিনি নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন। তবে সেই বৈঠকে সন্তুষ্ট নন বলেই প্রকাশ্যে জানিয়েছেন তিনি। তার পরের দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এসআইআর-এর ফলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এবং স্বজন হারানোর যন্ত্রণা তুলে ধরেন জাতীয় সংবাদমাধ্যমের সামনে। এখন প্রশ্ন একটাই—এবার কি সেই লড়াই সুপ্রিম কোর্টের মঞ্চেও সরাসরি নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়?