Kolkata High Court:উত্তীর্ণদের নম্বর গোপন নয়, কনস্টেবল নিয়োগে কড়া নির্দেশ আদালতের

আইন কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং তাঁদের নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণি উল্লেখ করে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, আগামী এক সপ্তাহের মধ্যেই এই তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: Delhi High Court: ডিজি নিয়োগে জট কাটেনি! রাজীব কুমারের পরবর্তী পদ ঘিরে আদালতে মুখোমুখি ইউপিএসসি–ক্যাট

এই মামলার সূত্রপাত হয় একাধিক চাকরিপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে। তাঁদের দাবি, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের একটি তালিকা প্রকাশ করা হলেও সেখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বর, সংরক্ষিত শ্রেণি বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। শুনানির সময় আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করা হলেও কোন প্রার্থী কত নম্বর পেয়েছেন, তিনি কোন সংরক্ষিত শ্রেণিভুক্ত—এসব তথ্য অনুপস্থিত। এতে যোগ্য প্রার্থীরা নিজেদের অবস্থান যাচাই করতে পারছেন না। তাই স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে সম্পূর্ণ তথ্যসহ তালিকা প্রকাশ করা অত্যন্ত জরুরি।

রাজ্যের তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী অমল কুমার সেন। তাঁর বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার আগে যদি প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়, তাহলে গোটা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাঁর আশঙ্কা, অকৃতকার্য প্রার্থীরা বিভিন্ন দাবি জানাতে পারেন, যা প্রশাসনিকভাবে সামলানো কঠিন হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে আদালত এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি প্রশ্ন তোলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে যদি ইতিমধ্যেই কোনও সমস্যা না থাকে, তাহলে তাঁদের প্রাপ্ত নম্বর ও শ্রেণিভিত্তিক তথ্য প্রকাশে আপত্তি কোথায়? আদালতের মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রার্থীদের তথ্য জানার অধিকার রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের নিয়োগবিধি অনুযায়ী রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং গত বছরের ডিসেম্বর মাসে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপজোক ও দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হয়। এই প্রেক্ষাপটেই কলকাতা হাই কোর্টের এই নির্দেশকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।