DA Verdict: ‘বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে’, রাজ্যকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের; খুশির হাওয়া সরকারি মহলে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ডিএ মামলায় (DA Verdict) সুপ্রিম কোর্টে (Supreme Court) বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) মেটানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করতে শুরু করে। রায়ে স্পষ্ট জানানো হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই রাজ্যকে ডিএ ও এরিয়ার টাকা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: DA Case: বকেয়া ডিএ-র আংশিক মেটানোর রায়, আন্দোলনমঞ্চে মিষ্টিমুখ সরকারি কর্মীদের

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে, সঙ্গে থাকবে সংশ্লিষ্ট এরিয়ার অর্থও। পাশাপাশি বাকি সমস্ত বকেয়া ডিএ (DA Verdict) আগামী ১৫ মে’র মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ১১০৬ দিন ধরে ডিএ (DA Verdict) নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই রায়ে স্বস্তি ও উচ্ছ্বাস ছড়িয়েছে।

রায় ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্ট একটি নজরদারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত এই কমিটি গোটা বিষয়টি তদারকি করবে। কমিটিতে আরও থাকবেন গৌতম বাদোরিয়া, তালক সিং চৌধুরী এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিনিধি। আগামী ১৫ মে’র মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে।

যদিও ডিএ মৌলিক অধিকার কি না, সে বিষয়ে এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট। বছরে দু’বার ডিএ দেওয়ার বিষয়টিও এই রায়ে নির্ধারিত হয়নি। তবে আদালত জানিয়েছে, অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী ২০০৮ সাল থেকে যে বকেয়া রয়েছে, তা মেটানোর বিষয়টি বিবেচনায় আনতেই হবে।

কর্মচারী সংগঠনের আইনজীবীরা এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার দাবি কার্যত আদালতের স্বীকৃতি পেল। অন্যদিকে, ধর্মতলায় আন্দোলনরত কর্মচারীরাও জানান, দীর্ঘদিনের লড়াইয়ের ফল আজ হাতে এসেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole