নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের পর ধর্মতলার শহিদ মিনারে অবস্থানরত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। রায় প্রকাশ্যে আসতেই আন্দোলনরত কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। আদালত নির্দেশ দিয়েছে, ২০০৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে বকেয়া মহার্ঘ্যভাতা রয়েছে, তার ২৫ শতাংশ আগামী মার্চ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে।
বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র মধ্যে প্রায় ৪০ শতাংশ ফারাক রয়েছে। যদিও এই ফারাক সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট সরাসরি কোনও নির্দেশ দেয়নি। সিপিএমের সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানান, আদালত ২৫ শতাংশ বকেয়া দেওয়ার নির্দেশ দিলেও এখনও কেন্দ্র ও রাজ্যের ডিএ ফারাকের দাবি বহাল রয়েছে। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই কর্মচারীরা তাঁদের ন্যায্য অধিকার আদায় করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, সরকারের আর্থিক অবস্থার তথ্য সামনে এনে ডিএ দেওয়ার সম্ভাবনা রয়েছে তা প্রমাণ করার চেষ্টা করা হবে। তবে অতীতে আদালতের অন্তর্বর্তী নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় সরকারের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সুপ্রিম কোর্টের এই রায় সরকারি কর্মচারীদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠনের বক্তব্য, মুখ্যমন্ত্রী কখনও ডিএ না দেওয়ার কথা বলেননি এবং আদালতের নির্দেশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
