নিউজ পোল ব্যুরো: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে (Bangladesh Election) অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে হবে গণভোটও। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর এই নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ের আগেই একের পর এক বড়সড় চুক্তি ও প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
নির্বাচনের (Bangladesh Election) মুখে দাঁড়িয়ে এই ধারাবাহিক চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে এগুলি কি ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে চাপে ফেলতেই নেওয়া হচ্ছে? একাংশের মতে, আসন্ন সরকারকে ‘অগ্নিপরীক্ষার’ মুখে ঠেলে দেওয়ার কৌশল হিসেবেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে।
এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন ও চিনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও পরিবহণ সংক্রান্ত চুক্তি করেছে ঢাকা। এই চুক্তির আওতায় বাংলাদেশ (Bangladesh Election) কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি ১৪টি বোয়িং বিমান কিনতে চলেছে। শুধু তাই নয়, একাধিক নতুন বড় প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে এবং বিভিন্ন বাণিজ্যিক সমঝোতার ঘোষণাও করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে মোট ৬৪টি প্রকল্পে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার, যার জন্য ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ছয় হাজার ৯৯৩ কোটি টাকা। এর মধ্যে ৭৯ হাজার ৩৫৬ কোটি টাকার ৪০টি প্রকল্প একেবারেই নতুন। দেড় বছরে এই সরকার মোট ১৩৫টি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার সম্মিলিত ব্যয় প্রায় দুই লক্ষ তিন হাজার কোটি টাকা।
এই বিপুল ব্যয়ের চাপের পাশাপাশি রয়েছে প্রস্তাবিত নবম পে কমিশন কার্যকর করতে সম্ভাব্য এক লক্ষ কোটি টাকার অতিরিক্ত খরচ। এর সঙ্গে যোগ হয়েছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের বোঝা এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি। অর্থনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে ক্ষমতায় আসা নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া আর্থিক দায়ভার সামলিয়েই দেশের হাল ধরতে হবে নবনির্বাচিত সরকারকে, যা তাদের জন্য বড় অগ্নিপরীক্ষা হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
