Mumbai: কয়েক ঘণ্টার ব্যবধানে নিখোঁজ একাধিক কিশোর–কিশোরী, আতঙ্কে মুম্বাই! তৎপর পুলিশ প্রশাসন

অপরাধ দেশ

নিউজ পোল বাংলা: মুম্বাই শহরে পরপর একাধিক নাবালক-নাবালিকা নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন থানার এলাকায় ১২ জন নাবালক ও নাবালিকা রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় প্রশাসন এবং সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ঘটনার পরেই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ এবং শহরজুড়ে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন: SIR: প্রযুক্তিগত সমস্যায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি, কী বলছে নির্বাচন কমিশন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশই ৮ থেকে ১৭ বছরের মধ্যে। কেউ ক্লাসে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি, কেউ খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে, আবার কেউ টিউশন বা ছোটখাটো কাজে বেরিয়ে উধাও হয়ে যায়। কয়েকটি ঘটনায় পরিবার জানিয়েছে, সন্তানেরা স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়েছিল এবং কোনও অস্বাভাবিক আচরণ লক্ষ করা যায়নি।সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে শহরের বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায়। কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি বা ঝগড়ার পর কিশোর-কিশোরীরা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। তবে এত অল্প সময়ের মধ্যে এতগুলি নিখোঁজের ঘটনায় কোনও বড় চক্র বা সংগঠিত অপরাধ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং রেল স্টেশন, বাস টার্মিনাস সহ গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিখোঁজদের খোঁজে বিশেষ টিম গঠন করা হয়েছে।পরিবারগুলির দাবি, দ্রুত শিশুদের উদ্ধার করতে হবে। এই ঘটনার পর শহরে শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।