নিউজ পোল ব্যুরো: কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা শহরের বুকে এক বড় সাইবার প্রতারণা চক্রের কর্মকাণ্ড ফাঁস করেছে। চলতি মাসের শুরুতে সার্ভে পার্ক থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়, আর সেই অনুসন্ধানে মিলল গুরুত্বপূর্ণ সাফল্য। তল্লাশি অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে এই চক্রের ছ’জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের সময় জানা গেছে, কলকাতা ভিত্তিক এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের এক প্রতারণা গ্যাংও যুক্ত। এছাড়া, কীভাবে তারা প্রতারণার জাল বিছাত, তারও রূপরেখা মিলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই ধাপে এই চক্রের ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সোদপুর এলাকা থেকে চার জনকে ধরা পড়ে। ধৃতদের নাম অরিন্দম দাস, শৌভিক ব্যাপারি, সায়ন রাজবংশী এবং অর্পণ দাস। অভিযোগ, তারা ভুক্তভোগীর মোবাইলে বিশেষ ‘এপিকে ফাইল’ ডাউনলোড করিয়ে অর্থ হাতিয়ে নিত। এই পদ্ধতিতে মাত্র একবারে ১৯ লক্ষ ৫১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পরই থানায় মামলা দায়ের হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অনুসন্ধান চালিয়ে পুলিশ ডিজিটাল প্রমাণ ও বিভিন্ন সূত্র ব্যবহার করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। এরপর এন্টালি থানার এলাকা থেকে আরও দু’জন—অনীশ সরকার ও দিলদার আনসারি—কে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, সোনার চেন, কানের দুল, দামি ঘড়ি, এটিএম কার্ড, চেকবুক, গাড়ি এবং নগদ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, মোবাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করতেন অনীশ। এই তথ্য সরবরাহ করা হতো দিলদারের কাছে, যিনি ঝাড়খণ্ড ভিত্তিক প্রতারণা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। দিলদার সেই তথ্য ব্যবহার করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত এবং পরে দ্রুত সেই অর্থ দিয়ে বিভিন্ন মূল্যবান জিনিস ক্রয় করে নিজের বা সহযোগীদের অ্যাকাউন্টে স্থানান্তর করত।
পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে আরও কারা জড়িত আছে তা খুঁজে বের করার কাজ এখনও চলমান। এই সাইবার প্রতারণা চক্রের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে, যাতে অপরাধীদের সম্পূর্ণ শনাক্ত করা যায় এবং প্রতারণার সব রূপরেখা উদঘাটিত হয়।
