TMC: হঠাৎ কেন বিধানসভায় হাজিরা দিচ্ছেন সমস্ত তৃণমূল বিধায়ক? আগামী দু’দিন নজিরবিহীন তৎপরতার অপেক্ষা

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে আরও এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তুতিতে নেমেছে রাজ্যের শাসকদল (TMC) তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন শূন্য হতে চলেছে, আর সেই আসনগুলির নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে ইলেকশন কমিশন (Election Commission)। এই ঘোষণার পরই রাজ্যসভা ভোটকে সামনে রেখে তৃণমূলের (TMC) অন্দরমহলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:West Bengal Assembly Election 2026: চূড়ান্ত ভোটার তালিকা না আসলেও ভোট ঘোষণা হতে পারে রাজ্যে, কমিশনের বড় ইঙ্গিত

রাজ্যের পাঁচটি আসনের মধ্যে চারটিতেই তৃণমূলের (TMC)  জয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা, বাকি একটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেনি তৃণমূল। তবে তার আগেই দলের বিধায়কদের কড়া নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই সমস্ত বিধায়ককে বিধানসভায় উপস্থিত থেকে রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করতে হবে। সেই কারণে বৃহস্পতি ও শুক্রবার সব বিধায়ককে বিধানসভায় হাজির থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে রাজ্যসভার মোট ৩৭টি আসনে নির্বাচন হবে। বাংলায় এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা বৃহস্পতিবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ, ৬ মার্চ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং ৯ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রয়োজন হলে আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ ও একই দিনে গণনা হবে। কমিশনের লক্ষ্য ২০ মার্চের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা।

যদি বাংলায় তৃণমূলের চারজন এবং বিজেপির একজন প্রার্থী মনোনয়ন জমা দেন, সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফল ঘোষণা হতে পারে। তবে ছয়জন প্রার্থী মনোনয়ন দিলে ভোট হবে, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এই অনিশ্চয়তার মধ্যেই সবদিক প্রস্তুত রাখতে চাইছে তৃণমূল।

বর্তমানে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে। এছাড়া মৌসম নুর দল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় তাঁর আসনটিও খালি রয়েছে। অন্যদিকে, বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসনও শূন্য হচ্ছে। সব মিলিয়ে রাজ্যসভার এই নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ ও কৌশলগত প্রস্তুতি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole