নিউজ পোল ব্যুরো: রাজ্যের SIR পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। তবে চলমান পরিস্থিতিতে ওই সময়ের মধ্যে পুরো তালিকা তৈরি করা প্রায় অসম্ভব বলে মনে করছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে এটি পূর্ণাঙ্গ তালিকা নয়; ধাপে ধাপে আরও অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেগুলিকেই শেষ চূড়ান্ত তালিকা হিসেবে গণ্য করা হবে।
আরও পড়ুন: India Election Commission meeting:২৭ বছর পর এক টেবিলে ৩৬ রাজ্য, নির্বাচন সংস্কারে নজিরবিহীন বৈঠক!
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকার পরই ভোট ঘোষণা করার কোনও বাধা নেই। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা করা সম্ভব। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা থাকবে, সেটিই ভোটের ভিত্তি হবে। এর আগে খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল, পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকায় এই সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। কমিশন জানিয়েছে, সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যে অতিরিক্ত তালিকার কাজ শেষ করতে কমপক্ষে এক হাজার বিচারকের প্রয়োজন হবে। তাই বাইরের রাজ্য থেকে বিচারক নিয়ে এসে কাজ সম্পন্ন করতে হতে পারে। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নতুন নাম যোগ করা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে, মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলে উত্তেজনা তৈরি হয়। তাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকারীরা। কেউ কেউ জুতোও দেখান। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূলপন্থী বলে দাবি করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি, তবে উত্তেজনা এবং জনসমাগম যথেষ্ট ছিল।
