নিউজপোল বাংলা: এই সময়ের ক্লাস বাঙালি অভিনেতাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। ঋত্বিক তথাকথিত নায়ক হওয়ার তোয়াক্কা কখনও করেননি। তিনি যা, তিনি সে ভাবেই নিজেকে পরিবেশন করেছেন চিরকাল। আর এই সারল্য ও বুদ্ধিমত্তাই ঋত্বিক চক্রবর্তীর ইউএসপি। হিরো লুক তাঁর কখনও ছিল না। একেবারেই সাদামাঠা তিনি। কিন্তু সেন্স অফ হিউমার মারাত্মক। যা দিয়ে দর্শকদের মন জয় করে তুলেছেন তিনি।

মাঝেমধ্যেই ফেসবুকে টুকটাক লিখে বেশ মজার পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। কদিন আগেই ইন্ডাস্ট্রির এক গুচ্ছ শিল্পী মাননীয়া মুখ্যমন্ত্রীর ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার পেয়েছেন। এবার সেই পুরস্কারকে খোঁচা মেরে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ব্যঙ্গ পোস্ট করলেন।
ঋত্বিক নিজের ফেসবুক প্রোফাইলে লিখলেন
‘লোকটা গম্ভীর হয়ে বলল বিভীষণ যদি বাঙালি হতো বলতো কী নাম হতো?
আমি চুপ থাকাতে নিজেই উত্তর দিলো- বঙ্গ বিভীষণ!’
সরকারের বিরুদ্ধে এমন প্রতিবাদী লেখা টলিউডে (Tollywood) থেকে কোনও অভিনেতা সহজে করেন না। কিন্তু রাজনৈতিক অনুসঙ্গর পরোয়া করেন না ঋত্বিক। তাঁর কাজ পাওয়ারও পরোয়া নেই। বছরের সর্বাধিক ছবি আর ওটিটি সিরিজে কাজ করছেন অভিনেতা।
ঋত্বিকের এমন পোস্ট ঘিরে দর্শকের বিপুল সমর্থন পেয়েছেন ঋত্বিক। যদিও সরকার ঘনিষ্ঠ কোনও শিল্পীকে ঋত্বিকের পোস্টে কমেন্ট করতে দেখা যায়নি।
