নিউজ পোল ব্যুরো: আমেরিকা–ইরান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবায়। সোমবার দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যে মোট ২০টি বিমান বাতিল হয়েছে। পাঁচটি উড়ান সংস্থার আসা-যাওয়া মিলিয়ে এমিরেটসের আটটি, কাতার এয়ারওয়েজের চারটি, ইতিহাদ এয়ারওয়েজের চারটি, এয়ার আরাবিয়ার দু’টি এবং ফ্লাই দুবাইয়ের দু’টি বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ফলে দুবাই, দোহা ও আবু ধাবিগামী যাত্রীরা চরম সমস্যার মুখে পড়েছেন।
আরও পড়ুন: Holi 2026: রঙের দিনে সুরার সময়সীমা! দোল উপলক্ষে বদল মদ বিক্রির নিয়মে
দুবাই-সহ পশ্চিম এশিয়ার বড় বিমানবন্দরগুলি আন্তর্জাতিক ট্রানজ়িট হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপ ও আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে বহু ভারতীয় যাত্রীকে এই হাবগুলির মাধ্যমেই যাতায়াত করতে হয়। বর্তমান অশান্ত পরিস্থিতিতে সেই পরিষেবা ব্যাহত হয়েছে। শুধু কলকাতা নয়, দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই বিমানবন্দর থেকেও একাধিক পশ্চিম এশিয়াগামী উড়ান বাতিল হয়েছে।
আমেরিকা ও ইজ়রায়েলের ইরানে হামলার পর থেকেই পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা বেড়েছে। ইরানের পাল্টা হামলার জেরে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, কুয়েত, বাহারিন ও জর্ডানের মতো দেশও নিরাপত্তার কারণে তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করেছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড়সড় বিঘ্ন ঘটেছে।
এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানোর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ফিরে ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটির বৈঠকে অংশ নেন। অন্যদিকে, ভারতে আটকে থাকা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে আলবেনিয়ার তিরানায় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে ভারতের ১৬ জন মহিলা কুস্তিবিদ ও সাপোর্ট স্টাফও আটকে পড়েছেন। তাঁদের ফেরার বিমান বাতিল হয়েছে। তবে ভারত সরকার ও কুস্তি ফেডারেশন তাদের নিরাপত্তা ও থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
