নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাঠে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। দোল–হোলির উৎসবের দিনেও সেই প্রস্তুতিতে কোনও ঢিলেমি নেই। বুধবার সকালে মধ্য কলকাতার তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উৎসবের আবহের মধ্যেই এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তারা।
আরও পড়ুন:IPL: গ্রামবাংলা থেকে আইপিএলের দোরগোড়ায় সৌমেন চট্টোপাধ্যায়, জানেন কোন দলে সুযোগ পেলেন?
রুট মার্চের সময় এলাকাগুলি সঠিকভাবে চিহ্নিত করে দিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন তালতলা থানার পুলিশ আধিকারিকরা। গুরুত্বপূর্ণ কয়েকটি বুথ ও সংবেদনশীল এলাকায় বিশেষ নজর রেখে এই টহল চালানো হয়। তালতলা থানার কাছেই রানী রাসমণি হাই স্কুল সংলগ্ন একটি বুথ এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাতেও টহল দেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।উল্লেখ্য, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক মহলের মতে, যেকোনও দিন ভোটের দিনক্ষণ প্রকাশ হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আগেভাগে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে রাজ্যে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গত ১ মার্চ প্রথম পর্যায়ে প্রায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় তাদের রুট মার্চ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসবে। এই পর্যায়ে রাজ্যের কোন কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে, সেই পরিকল্পনাও ইতিমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর এমন সক্রিয় উপস্থিতি রাজ্যে নির্বাচনী প্রস্তুতির গুরুত্বই স্পষ্ট করে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
