West Bengal Assembly Election: ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, লক্ষাধিক টাকা নিয়ে গ্রেফতার ১

অপরাধ কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ভোটকৌশল সংস্থা ‘আইপ্যাক’-এর নাম ভাঙিয়ে এই প্রতারণা চালানো হয়। অভিযোগ, পুরুলিয়ার এক রাজনৈতিক কর্মীর কাছ থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘লজ্জা ঢাকার জায়গা নেই!’ SIR ইস্যুতে মেজাজ হারালেন মমতা, মেট্রো চ্যানেলে শুরু অনির্দিষ্টকালীন ধরনা

ধৃত ব্যক্তির নাম রত্নদীপ মাহাতো বলে জানা গিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, রত্নদীপ নিজেকে আইপ্যাকের কর্মী বলে পরিচয় দিয়ে পুরুলিয়ার এক রাজনৈতিক কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, তার মাধ্যমে সংস্থার উচ্চপদস্থ কর্তাদের রাজি করিয়ে বিধানসভা নির্বাচনে টিকিটের ব্যবস্থা করা সম্ভব। ওই রাজনৈতিক কর্মী পুরুলিয়ার একটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে অভিযুক্ত তাকে আশ্বাস দেন যে, টিকিট পাইয়ে দেওয়া যাবে। তবে তার জন্য মোট ৪০ লক্ষ টাকা লাগবে বলেও দাবি করেন রত্নদীপ। প্রথম দফায় বিশ্বাস করে ওই রাজনৈতিক কর্মী তাঁকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দেন। এরপরও বারবার আরও টাকা দাবি করতে থাকেন অভিযুক্ত। তাতেই সন্দেহ জাগে ওই নেতার মনে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পরে পরিচিতদের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পারেন যে, ভুয়ো পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে তিনি কলকাতায় এসে সংশ্লিষ্ট ভোটকৌশল সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। এরপর শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে পুরুলিয়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।