Iran US War: খামেনেইয়ের উত্তরসূরি কে? সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান, বিশ্ব রাজনীতিতে নয়া সমীকরণ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে (Iran US War) যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তপ্ত। রবিবারও ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা (Iran US War)। এই টানটান পরিস্থিতির মধ্যেই দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে নতুন নেতাকে নির্বাচিত করা হয়েছে। ইরানের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইকে।

আরও পড়ুন: Gyanesh Kumar : বাংলায় ভোট ঘোষণা শিগগিরই? তার আগেই সিইসি-র সফরে বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনেই দীর্ঘদিন ধরেই ইরানের প্রভাবশালী ধর্মীয় মহলে সক্রিয়। তাঁর বাবার মতো তিনিও কঠোর মতাদর্শে বিশ্বাসী এক ধর্মযাজক। একই সঙ্গে তিনি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন বলে জানা যায়। এই শক্তিশালী সমর্থনই তাঁকে সুপ্রিম লিডারের পদে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই দেশের সর্বোচ্চ নেতার পদে মোজতবা খামেনেইয়ের নাম জোরালোভাবে আলোচনায় ছিল। যদিও ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সাধারণত বংশগতভাবে ক্ষমতা হস্তান্তরের রীতি নেই, তবুও তাঁর শক্তিশালী সমর্থন ঘাঁটির কারণে শেষ পর্যন্ত তাঁকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরানের শাসনব্যবস্থায় সুপ্রিম লিডারের ক্ষমতা অত্যন্ত বিস্তৃত। দেশের সামরিক, রাজনৈতিক ও কৌশলগত প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই পদে থাকা ব্যক্তির হাতেই থাকে। অনেক ক্ষেত্রে তাঁর ক্ষমতা প্রেসিডেন্টের চেয়েও বেশি বলে ধরা হয়।

বর্তমানে ইরানের ক্ষমতার কাঠামো

আলি খামেনেইয়ের মৃত্যুর পর কিছুদিন ধরে ইরানের (Iran US War) প্রশাসনিক দায়িত্ব একটি অন্তর্বর্তীকালীন পরিষদের হাতে ছিল। তিন সদস্যের এই কাউন্সিল দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছিল। তাঁদের মধ্যে ছিলেন অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজে’ই।

নতুন নেতাকে ঘিরে সতর্কবার্তা

নতুন সুপ্রিম লিডারকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তেজনা বাড়ছে। ইসরায়েল এবং মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) উভয়েই মোজতবা খামেনেইকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি প্রয়োজনে নতুন নেতাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিছু প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়ায় মার্কিন পক্ষের পছন্দের প্রার্থীকে সামনে আনার চেষ্টা ছিল। তবে তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে এই ইস্যু ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole