Gas Booking: গ্যাসের বুকিংয়ে নয়া কড়াকড়ি, ২১ দিনের নিয়ম বদলে এখন শহরে ২৫ ও গ্রামে ৪৫ দিন

দেশ

নিউজ পোল ব্যুরো: দাম বাড়ার পাশাপাশি এলপিজি সিলিন্ডারের (Lpg Crisis) ঘাটতিও বাড়ছে। তারই মধ্যে গ্যাস বুকিংয়ের (Gas Booking) নিয়মে আবার পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে এখন ২৫ দিন পর গ্যাস বুকিং করা যাবে, আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৪৫ দিন। আগে যেখানে ১৫ দিন অন্তর নতুন বুকিং করা যেত, এখন সেখানে নির্দিষ্ট সময় পার না হলে নতুন করে বুকিং (Gas Booking) করা সম্ভব হবে না। এই সিদ্ধান্ত সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন: Gas Crisis: ধূপগুড়িতে গ্যাসের হাহাকার, বন্ধ হতে চলেছে মিষ্টির দোকান সহ হোটেল , কালোবাজারির অভিযোগ

এদিকে সময়ের সঙ্গে বদলে গেছে গ্রাম ও শহরের জীবনযাত্রার পার্থক্য। নগরায়ন ও প্রযুক্তির প্রসারের ফলে গ্রামাঞ্চলেও আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে। বিদ্যুৎ, সোলার প্যানেল, স্মার্টফোন সবই এখন গ্রামবাংলার নিত্যদিনের অংশ। একইভাবে রান্নাঘরেও বহু আগেই কাঠের উনুনের জায়গা নিয়েছে গ্যাসচালিত চুলা। তাই এমন পরিস্থিতিতে গ্রামাঞ্চলের জন্য আলাদা করে দীর্ঘ অপেক্ষার নিয়ম কেন করা হল, তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই।

তবে গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিশ্বাস এই সিদ্ধান্তের পক্ষে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাঁর দাবি, গ্রামাঞ্চলের অনেক গ্রাহক আগে দীর্ঘ সময় গ্যাস বুকিং করতেন না, কিন্তু সাম্প্রতিক সঙ্কটের সময়ে সেখানে বুকিংয়ের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। পেট্রোলিয়াম মন্ত্রক এখন খতিয়ে দেখছে, এই চাহিদা সত্যিই বাড়ছে নাকি অন্য কোনও কারণে তা হচ্ছে।

বিজন বিশ্বাসের মতে, এই সিদ্ধান্তে (Gas Booking) প্রকৃত প্রয়োজন থাকা গ্রাহকেরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন। তিনি বলেন, বাণিজ্যিক এলপিজি সরবরাহে ঘাটতির কারণে বহু হোটেল ও রেস্তোরাঁ বিপাকে পড়েছে, কারণ এখন মূলত গৃহস্থালির গ্যাসই সরবরাহ করা হচ্ছে। তাঁর আশঙ্কা, গ্রামাঞ্চলে হঠাৎ বুকিং বাড়ার পিছনে হয়তো কিছু ক্ষেত্রে সেই গ্যাস ঘুরপথে হোটেল বা রেস্তোরাঁয় ব্যবহার করা হচ্ছে এই সন্দেহ থেকেই কেন্দ্র এই কড়া সময়সীমা চালু করেছে। তবে এর ফলে যেসব গ্রামীণ পরিবারের সত্যিই গ্যাসের প্রয়োজন রয়েছে, তাঁদেরই সমস্যায় পড়তে হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole