Gas Crisis: ধূপগুড়িতে গ্যাসের হাহাকার, বন্ধ হতে চলেছে মিষ্টির দোকান সহ হোটেল , কালোবাজারির অভিযোগ

রাজ্য

নিউজ পোল ব্যুরো : ধূপগুড়ি, আবির ভট্টাচার্য: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া করায় এবার প্রভাব পড়েছে ধূপগুড়ির রান্নার হাহাকারেও। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে শহরের ছোট-বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা কার্যত দিশেহারা। ব্যবসায়ীদের মতে, অনেকেই এখন দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: West Bengal assembly Election:রাজ্যের আইনশৃঙ্খলায় সন্তুষ্ট নির্বাচন কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা নিয়ে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কেন্দ্রীয় তেল সংস্থাগুলি সম্প্রতি গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি করে ৯৩৯ টাকা করেছে। বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের দামও ১১৫ টাকা বৃদ্ধি পেয়ে প্রায় ২ হাজার টাকায় পৌঁছেছে। কিন্তু বাজারে গ্যাসের সরবরাহ কম থাকায় অনেক ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এই সুযোগে কালোবাজারির দাপট বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ৩,৫০০–৪,০০০ টাকায়, আর গৃহস্থালির সিলিন্ডারও দেড় হাজার টাকার বেশি দামে চলে। ধূপগুড়ির মিষ্টি ব্যবসায়ী গৌতম ঘোষ জানালেন, “আজ কোনোমতে জোগাড় করে মিষ্টি তৈরি করেছি, কাল কী হবে জানি না। ডিলারদের কোনো সদুত্তর নেই।” শহরের বিখ্যাত বিরিয়ানি দোকানগুলিতেও একই হাহাকার। দাদা-বৌদি বিরিয়ানি পরিচালকের কথায়, “মজুত থাকা গ্যাসে একদিন বড়জোড় চলবে, তারপর দোকান বন্ধ রাখতে হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শুধু ব্যবসা নয়, সাধারণ মধ্যবিত্তও বিপাকে। বাসিন্দা তপন রাহা রায় বলেন, “বুকিং হচ্ছে না, চড়া দামে গ্যাস কেনার সামর্থ্যও নেই। বাড়িতে রান্না বন্ধ।” ধূপগুড়ির খাদ্যরসিকরা এখন অনিশ্চয়তার ছায়ায়। শহরের আশা—শীঘ্রই স্বাভাবিক হোক গ্যাস সরবরাহ।