Mamata Banerjee: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে মিছিলের নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই এই ইস্যুতে প্রতিবাদে সরব হয়ে তিনি রাস্তায় নামেন। শহরের কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। মিছিলের একেবারে সামনে হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন দলের বহু নেতা-কর্মী ও সমর্থক। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষও এই কর্মসূচি প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন: Election Commission 2026 : ভোটের মুখে বড় সিদ্ধান্ত! ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বদলে দিল নির্বাচন কমিশন

মিছিলে তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের হাতে ছিল গ্যাস সিলিন্ডারের প্রতীকী কাটআউট, পোস্টার ও প্রতিবাদী স্লোগান। কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই জ্বালানির দাম বাড়ছে বলে অভিযোগ তোলা হয় এই মিছিল থেকে। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হচ্ছে-এই বার্তাই তুলে ধরতে চেয়েছে শাসকদল। মুখ্যমন্ত্রী আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের স্বার্থে রাস্তায় নেমেছেন। গ্যাসের দামবৃদ্ধি নিয়ে তিনি সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন এবং একাধিক সভা ও বৈঠকেও বিষয়টি উত্থাপন করেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের নীতির কারণেই জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের সংসারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

রাজনৈতিক মহলের মতে, গ্যাসের দাম বাড়ার সবচেয়ে বড় প্রভাব পড়ে গৃহস্থের রান্নাঘরে, আর সেই কারণেই মহিলাদের সমস্যাকে সামনে রেখেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করে প্রতিবাদ জানানো হয়। শেষপর্যন্ত ডরিনা ক্রসিংয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলেও জানা গিয়েছে।