Abu Dhabi: ইরানের মিসাইল আছড়ে পড়ল আবু ধাবির জনবসতিতে, মৃত ১

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। এবার ইরানের (Iran) ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি জনবসতিপূর্ণ এলাকাতেও আঘাত হানতে শুরু করেছে। সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে (Abu Dhabi) ইরানের একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে খবর। এই ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে আল বাহিয়া এলাকায় একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্রটি এসে পড়ে। বিস্ফোরণে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তি প্যালেস্টাইনের নাগরিক বলে জানা গেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে (Tehran) ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে। প্রথম দিকে তাদের প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের (Abu Dhabi) বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি। তবে সাম্প্রতিক সময়ে ইরান তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

সোমবার ভোরে দুবাই (Dubai) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ইরানি ড্রোন ভেঙে পড়ে। এর ফলে বিমানবন্দরের একটি অংশে আগুন লেগে যায় এবং কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে (Abu Dhabi) ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তার আগের দিনই ইরান জানিয়েছিল, জনবসতিপূর্ণ অনেক এলাকায় মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সেই কারণেই ভবিষ্যতে ওই এলাকাগুলিকেও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্কবার্তা দেয় তেহরান।

ইরান এমনকি সম্ভাব্য হামলার অঞ্চল চিহ্নিত করে একটি মানচিত্রও প্রকাশ করে এবং ওইসব এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়। সেই সতর্কবার্তার পরদিনই আবু ধাবি এবং দুবাইয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole