নিউজপোল ব্যুরো: বলিউডের হি ম্যানকে মনেই রাখল না অস্কার মঞ্চ। কী ঘটল বিশ্ববিখ্যাত মঞ্চে?
বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেড কার্পেটে তারকাদের উপস্থিতি ও বছরের সেরা সিনেমা ও শিল্পীদের সম্মান জানানো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

তখন চরম অপমানের শিকার হল ভারতীয় সিনেমা। দীর্ঘ ছয় দশকের বর্ণময় কেরিয়ার এবং কয়েক প্রজন্মের অনুপ্রেরণা হওয়া সত্ত্বেও, ‘ইন মেমোরিয়াম’ স্লাইডে ঠাঁই পেলেন না ভারতীয় সিনেমার ‘হিম্যান’ ধর্মেন্দ্র। হলিউডের এই ‘বিস্মৃতি’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে।
সূত্রের খবর, অস্কারের ইতিহাসে এবারই সবচেয়ে বড় ‘ইন মেমোরিয়াম’ সেগমেন্ট রাখা হয়েছিল। বিশেষ শ্রদ্ধাঞ্জলি অংশ যোগ করা হয়েছিল। এই সেগমেন্টে চলচ্চিত্র নির্মাতা রব রেইনারকে সম্মান জানান হোয়েন হ্যারি মেট স্যালি-র তারকা বিলি ক্রিস্টাল। রবার্ট রেডফোর্ডকে স্মরণ করেন অভিনেত্রী বারব্রা স্ট্রেইস্যান্ড। অভিনেত্রী র্যাচেল ম্যাকঅ্যাডামস ডায়ান কিটনকে শ্রদ্ধা জানান।
বিগত বছরগুলোতে ইরফান খান, ভানু আথাইয়া, শ্রীদেবী বা শশী কাপুরের মতো ভারতীয় আইকনদের শ্রদ্ধা জানিয়ে অস্কার যে অন্তর্ভুক্তি তথা ইনক্লুসিভিটির বার্তা দিয়েছিল, ধর্মেন্দ্রর ক্ষেত্রে তা যেন কর্পূরের মতো উবে গেল। এক্স হ্যান্ডলে এক ভক্ত ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “যারা সিনেমাকে জীবন দিয়ে দিল, সেই ধর্মেন্দ্রর মতো কিংবদন্তিকে অস্কার চিনল না। যখন আমাদের আইকনরা স্বীকৃতি পায় না, তখন এই আয়োজন নিয়ে এত উন্মাদনা কেন?”
এছাড়াও ২০২৬-এর এই শ্রদ্ধার্ঘ্য তালিকায় নাম ছিল রবার্ট রেডফোর্ড, ভ্যাল কিলমার এবং ফ্যাশন জগতের জাদুকর জর্জিও আরমানির। এখনও পর্যন্ত অস্কার কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
