Mamata Banerjee : ভোটের আগে ২৩টি পদ থেকে ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নির্বাচনী বিধি মেনে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসন্ন ভোটের আগে নিয়ম অনুযায়ী একাধিক সরকারি সংস্থা, বোর্ড ও প্রতিষ্ঠানের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি (Mamata Banerjee Resignation)। নবান্ন সূত্রে খবর, সোমবার মোট ১১টি দফতরের অধীনে থাকা প্রায় ২৩টি গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই পদক্ষেপকে প্রশাসনের একেবারে নিয়মিত প্রক্রিয়া বলেই ব্যাখ্যা করা হয়েছে। মঙ্গলবার এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার পর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত দফতরে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রাখতে এই ধরনের পদত্যাগ একটি প্রচলিত রীতি, যা প্রতিবারই অনুসরণ করা হয়।

আরও পড়ুন: WB Assembly Election 2026 : ভোটের ময়দানে ‘ঘরের লোক’ হতে মরিয়া প্রার্থীরা! হেঁশেল থেকে সেলুন অভিনব প্রচারে জমজমাট বাংলা

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তার পদত্যাগপত্রের সঙ্গে একটি বিস্তারিত তালিকাও জমা দিয়েছেন। সেই তালিকায় বিভিন্ন দপ্তরের অধীনে তার দায়িত্বে থাকা পদগুলির উল্লেখ রয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বন দফতর , তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণি কল্যাণ, আদিবাসী উন্নয়ন, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু পুনর্বাসন, পরিকল্পনা ও পরিসংখ্যান, বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং শিল্প ও বাণিজ্য দফতরের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে। এই সব জায়গায় তিনি কখনও চেয়ারম্যান, কখনও মিশন প্রধান, আবার কোথাও পৃষ্ঠপোষক বা সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, সংযুক্ত তালিকায় থাকা সমস্ত পদ থেকে তিনি অবিলম্বে সরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি তালিকার বাইরে থাকা কোনও পদ থাকলেও তা থেকেও তার ইস্তফা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এদিকে, স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে সমস্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারিদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, ২৫ মার্চ বিকেল ৪টের মধ্যে সমস্ত দপ্তরকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ পাঠাতে হবে।