Weather Update : শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather Update) ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকলেও, সপ্তাহের শেষের দিকে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে শুক্রবার থেকে এই পরিবর্তন স্পষ্টভাবে নজরে আসবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবার থেকে কলকাতা-সহ (Kolkata Weather Update) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত শুরু হতে পারে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবারও সম্ভাবনা রয়েছে, যা অনেক ক্ষেত্রে কালবৈশাখীর (Kalbaisakhi Forecast) রূপ নিতে পারে।

আরও পড়ুন: LPG : সংসদে LPG বিতর্ক এড়িয়ে সর্বদল বৈঠকের পথে কেন্দ্র

বিশেষ করে হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, সপ্তাহের শুরু থেকেই কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। তবে এই বৃষ্টিপাতের ফলে গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানানো হয়েছে। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে। ফলে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও ভ্যাপসা গরমের প্রভাব বজায় থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update) নিয়ে আরও বেশি সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষের দিকে রাজ্যজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর (IMD)।