Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়: ‘আমরা কথা দিলে রাখি’, জনসভা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যজুড়ে জোরদার প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে সভা ও প্রচারে ব্যস্ত। এই আবহে মার্চ মাসের শেষ রবিবার বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সভাস্থলে উপস্থিত হন বহু মানুষ। এই সভা থেকেই সাধারণ মানুষের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি ও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: Mangalore : আইসক্রিমেই মজে শহর! ভারতের এই লোভনীয় গন্তব্য মিস করলেই আফসোস

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে তৃণমূল সরকার গঠিত হলে বিধবা ভাতা আরও বাড়ানো হবে। পাশাপাশি যেসব মানুষের কাঁচা বাড়ি রয়েছে, সেগুলিকে পাকা বাড়িতে পরিণত করার আশ্বাসও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এক প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনেক সময় সন্তানরা বিদেশে চলে যাওয়ার পর বৃদ্ধ বাবা-মা একা হয়ে পড়েন এবং কিছু অসাধু ব্যক্তি তাদের বাড়িঘর দখল করার চেষ্টা করে। তৃণমূল সরকার সেই ধরনের অন্যায় হতে দেবে না বলেও তিনি জানান।

এদিন যুবসাথী প্রকল্প নিয়েও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যুবসাথী কোনও ভিক্ষা বা ভাতা নয়, বরং পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য সহায়ক একটি উদ্যোগ। অনেক ছাত্রছাত্রী স্কলারশিপ পেলেও ব্যক্তিগত খরচ চালাতে সমস্যায় পড়ে। তাদের পকেটমানির মতো সহায়তা দিতেই এই প্রকল্প চালু করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও মহিলাদের অধিকার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন বলেও তিনি জানান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এছাড়াও জঙ্গলমহলের অতীত পরিস্থিতির কথাও স্মরণ করান মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় সারেঙ্গা, বিনপুর, সাঁকরাইল, নয়াগ্রাম, ঝিলিমিলি, বেলপাহাড়ি, মুকুটমণিপুর, রানিবাঁধ ও খাতরার মতো এলাকায় অশান্তির পরিবেশ ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির বদল হয়েছে এবং শান্তি ফিরে এসেছে বলে দাবি করেন তিনি।এদিন রাইপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঠাকুরমনি সরণের সমর্থনে সবুজ সংঘের মাঠে এই জনসভা করেন মুখ্যমন্ত্রী। সভা থেকে তিনি বলেন, বাঁকুড়া শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা এবং তৃণমূল সরকারের আমলে এখানে বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। তৃণমূল প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে বলেও দাবি করেন তিনি।