Supreme Court: ‘প্রশাসনিক ব্যর্থতা’,মালদহ ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতের

দেশ

নিউজ পোল ব্যুরো: মালদহের (Maldah) কালিয়াচককে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনায় কড়া অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার প্রকট উদাহরণ হিসেবে উল্লেখ করে একাধিক শীর্ষ আধিকারিককে শোকজ নোটিস জারি করেছে।

আরও পড়ুন:Mamata Banerjee : সাগরদিঘি থেকে বিজেপির বিরুদ্ধে তোপ মমতার, কালিয়াচক ইস্যুতে কমিশনকেও কাঠগড়ায় তৃণমূল নেত্রী

আদালত (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি), জেলাশাসক এবং পুলিশ সুপারের আচরণ অত্যন্ত নিন্দনীয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কালিয়াচকের ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং রাজ্যের প্রশাসনিক উদাসীনতাকেও সামনে নিয়ে এসেছে।

এদিন আদালতে রাজ্যের পক্ষ থেকে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল ও গোপাল শঙ্করনারায়ণ। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে বক্তব্য রাখেন ডিএস নাইডু এবং কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল তুষার মেহেতা। কমিশনের আইনজীবী ঘটনাটির বিস্তারিত বিবরণ আদালতে তুলে ধরেন। শীর্ষ আদালত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের বাসভবনেও নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। যদি কোনও আধিকারিক বা তাঁর পরিবার হুমকির আশঙ্কা প্রকাশ করেন, তবে তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া শুনানি বা আপত্তি দাখিলের সময় ভিড় নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট সংখ্যার বেশি লোক একত্রিত হতে না পারে। আদালত মুখ্যসচিব, ডিজিপি ও মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলেছে। আগামী ৬ এপ্রিল বিকেল ৪টায় সংশ্লিষ্ট আধিকারিকদের ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে, যা এই মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole