নিউজ পোল ব্যুরো: কালিয়াচকের ঘটনার (Malda Incident)পর থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ভিড়ের মধ্যে একটি গাড়ির উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বক্তব্য রাখছেন এবং উপস্থিত জনতা তাঁর কথায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই সেই মুহূর্তটি মোবাইলে ধারণ করছিলেন। ঘটনার (Malda Incident) পর থেকেই ওই ব্যক্তির পরিচয় নিয়ে জল্পনা শুরু হয় এবং তিনি কার্যত আড়ালে চলে যান। অবশেষে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মোফাক্কেরুল ইসলাম, যিনি নাকি বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় উস্কানিমূলক ভূমিকা ছিল মোফাক্কেরুল ইসলামের (Mofakkerul Islam)। ইতিমধ্যেই কালিয়াচকের তিনটি পৃথক মামলায় তাঁর নাম জড়িয়েছে। ইটাহারের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি কেন মালদহে (Malda Incident) উপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক দিক থেকেও তাঁর অতীত রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি এআইএমআইএম-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি তাঁকে, তবে এবারের নির্বাচনে ওই দল মালদহে বেশ সক্রিয় বলে জানা গেছে। সম্প্রতি দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির রাজ্য সফরের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। কালিয়াচকের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই দলকে তীব্র আক্রমণ করেন।
পেশাগতভাবে মোফাক্কেরুল ইসলাম একজন আইনজীবী। আগে জেলা আদালতে কাজ করলেও বর্তমানে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। সেখানে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে বলে জানা যায়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উল্লেখযোগ্য অনুসারী সংখ্যা রয়েছে।
গ্রেফতারের আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের আটক হওয়ার সম্ভাবনার কথা জানান। গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন রাজ্যের ছবি ও ভিডিও পোস্ট করে নিজের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করছিলেন। তবে শেষ পর্যন্ত বাগডোগরা থেকেই তাঁকে আটক করে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
